পানাম সেতুর কিছু অংশ ধসে গর্তের সৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পানাম নগরের পঙ্খিরাজ খালের ওপর নির্মিত ঐতিহাসিক পানাম সেতুর মাঝখানের কিছু অংশ ধসে গর্তের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটার পরও গতকাল বুধবার সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করতে দেখা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চুন, ইট, সুরকির সমন্বয়ে এ সেতুটি মোগল শাসনামলে নির্মিত হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রত্নসম্পদ হিসেবে ঐতিহাসিক পানাম সেতুটি সংরক্ষিত ঘোষণা করেছে। এ জন্য কর্তৃপক্ষ সেতুতে সব ধরনের ভারী যান চলাচল নিষেধ করে একটি নোটিশফলকও সেতুর পাশে টাঙিয়ে দেয়। কিন্তু বিকল্প সড়ক নির্মাণ না করায় ভারী যানবাহন সেতুর ওপর দিয়েই চলেছে। গত মঙ্গলবার ভোরে সেতুর মাঝখানের কিছু অংশ ধসে পড়ে গর্তের সৃষ্টি হয় এবং বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়।গতকাল বুধবার সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, সেতুর কিছু অংশ ধসে পড়ে গর্তের সৃষ্টি হলেও বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে চলছে। এদিকে ঐতিহাসিক পানাম সেতু ধসে পড়ার খবর শুনে অনেকেই সেতুটি দেখতে পানাম এলাকায় ভিড় করছে।সোনারগাঁয়ের লেখক, সাহিত্যিক শামসুদ্দোহা চৌধুরী জানান, প্রায় ৪০০ বছর আগে মোগল আমলে তিনটি খিলানের ওপর নির্মিত পানাম সেতুটি সোনারগাঁয়ের ইতিহাস বহন করছে। এ সেতু সংরক্ষণের জন্য অনেক আগেই বিকল্প সেতু নির্মাণ করা প্রয়োজন ছিল।সোনারগাঁ পৌরসভার মেয়র সাইদুর রহমান মোল্লা জানান, দেশের প্রত্নসম্পদ ঐতিহাসিক এ সেতু সংরক্ষণের জন্য বিকল্প সেতু নির্মাণের প্রয়োজন রয়েছে। বিকল্প রাস্তা নির্মাণের প্রস্তাব প্রকল্প করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো হবে।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর্সিয়া কমল জানান, ভারী যান চলাচলের ফলে মোগল আমলে নির্মিত পানাম সেতুর কিছু অংশ ধসে পড়েছে বলে তিনি জানতে পেরেছেন। মানুষের চলাচলের জন্য বিকল্প সেতু নির্মাণ করে তবেই এ সেতুকে সংরক্ষণ করা সম্ভব। এ ব্যাপারে তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন।যোগাযোগ করা হলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, ঐতিহাসিক পানাম সেতুর কিছু অংশ ধসে পড়ার কথা তিনি জানতে পেরেছেন। সেতুটি রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।