পানামা পেপারস কেলেঙ্কারি : এক ব্যবসায়ীকে দুদকের জিজ্ঞাসাবাদ
বিশ্বজুড়ে আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশি নাগরিকদের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে আজমত মঈন নামের এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক আখতার হামিদ ভূঁইয়া।
দুদক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। ব্যবসায়ী আজমত মঈন রাইস্টার প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার।
দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল গত রোববার প্রথম আলোকে জানিয়েছিলেন, পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় এ সপ্তাহে ছয়জনকে জিজ্ঞাসাবাদ করবে সংস্থাটি। তিনি বলেন, সম্প্রতি দুদকের পক্ষ থেকে ১১ জনকে তলব করে নোটিশ পাঠানো হয়েছিল। এর মধ্যে দুজনকে তাঁদের ঠিকানায় পাওয়া যায়নি। গত সপ্তাহে তিনজন দুদকে এসে তাঁদের বক্তব্য দিয়ে গেছেন। বাকি ছয়জনকে ৪, ৫ ও ৯ মে দুদকে জিজ্ঞাসাবাদ করা হবে।
কোনো কোনো গণমাধ্যমে আসা বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম পানামা পেপারস কেলেঙ্কারিতে আদৌ আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া না গেলেও দুদক স্বতঃপ্রণোদিত হয়ে এ পদক্ষেপ নিয়েছে।
পানামা পেপারস কেলেঙ্কারিতে কোনো কোনো বাংলাদেশি নাগরিকের নাম এসেছে মর্মে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর গত ৭ এপ্রিল দুদকের উপপরিচালক আখতার হামিদ ভূঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করে দুদক। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মজিবুর রহমান ও উপসহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাত।
সম্প্রতি মোসাক ফনসেকা নামে পানামার একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের ১ কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হয়। এ ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। মোসাক ফনসেকার ওই ১ কোটি ১৫ লাখ নথি অজানা সূত্র থেকে জার্মান দৈনিক জিটডয়েচ সাইতং-এর হাতে আসে। পত্রিকাটি সেসব নথি বিশ্লেষণ ও অনুসন্ধানের জন্য ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসকে (আইসিআইজে) দেয়। ১৯৭৭ থেকে ২০১৫, প্রায় ৪০ বছরের কর্মকাণ্ড-সংক্রান্ত এসব নথি পরীক্ষা-নিরীক্ষা করে তার কিছু অংশ আইসিআইজে ধারাবাহিকভাবে প্রকাশ শুরু করেছে।