পানামা পেপারস নিয়ে অপেক্ষায় দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারির নতুন তালিকায় যেসব বাংলাদেশির নাম এসেছে, সেটা পরীক্ষা-নিরীক্ষা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরীক্ষার পরই এ বিষয়ে একটা যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল মঙ্গলবার দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।
সচিব বলেন, দুদকের চেয়ারম্যান বর্তমানে দেশের বাইরে আছেন। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁর দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করা হবে।
পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম আসা বাংলাদেশিদের বিষয়ে অনুসন্ধানে এর আগে একটি কমিটি গঠিত হয়েছে। সেই কমিটিই নতুনভাবে আসা নামগুলোর বিষয়ে অনুসন্ধান করবে, নাকি নতুন কমিটি করা হবে—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরীক্ষা-নিরীক্ষার পরই। এর আগে পানামা পেপারস কেলেঙ্কারিতে কোনো কোনো বাংলাদেশি নাগরিকের নাম এসেছে মর্মে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর গত ৭ এপ্রিল দুদকের উপপরিচালক আখতার হামিদ ভূঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করে দুদক।