পানামা পেপারসের নথিতে যেসব বাংলাদেশির নাম পাওয়া গেছে, তাঁদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কমিটি বলেছে, ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক ও ফিলিপাইনের রিজাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির দায় এড়াতে পারে না। তারা এই টাকা উদ্ধারে রিজার্ভ ব্যাংক ও রিজাল ব্যাংকের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর সুপারিশ করেছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক পানামা পেপারসের তালিকাভুক্ত বাংলাদেশি ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। কমিটির বাংলাদেশ ব্যাংককে অনুসন্ধান শেষ করে জড়িত ব্যক্তিদের তালিকা এবং এ বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলেছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে কমিটির পরের বৈঠকে পানামা পেপারস নিয়ে আলোচনা হবে।
সম্প্রতি দ্য ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) পানামা পেপারসের নথি ফাঁস করে। এই নথিতে দুই লাখের বেশি প্রতিষ্ঠান ও ব্যক্তির তথ্য রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ ও তাঁর স্ত্রী নীলুফার জাফর উল্যাহসহ বেশ কয়েকজন বাংলাদেশির নাম রয়েছে।
এবি ব্যাংককে তলব করবে কমিটি
সংসদীয় কমিটির পরের বৈঠকে অফশোর ব্যাংকিং নিয়েও আলোচনা হবে। বাংলাদেশের এবি ব্যাংকের বিরুদ্ধে অফশোর ইউনিটের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেছে। আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগের সত্যতা জানতে কমিটির পরের বৈঠকে এবি ব্যাংককে তলব করা হবে। এ ছাড়া কমিটি বিদ্যমান অফশোর ব্যাংকিং নীতিমালা সময়োপযোগী করার সুপারিশ করেছে।
চুরি হওয়া ১৬ মিলিয়ন ডলার ফেরত আসবে
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ১৫ দশমিক ২৫ মিলিয়ন ডলার ইতিমধ্যে ফেরত পাওয়া গেছে। আরও প্রায় ১৬ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কমিটিকে এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে অর্থমন্ত্রী বলেছেন, রিজার্ভের অর্থ চুরির বিষয়ে তিনি সংসদের বাজেট অধিবেশনে ৩০০ বিধিতে একটি বিবৃতি দেবেন।
কমিটির সভাপতি বলেন, টাকা ছাড় করার আগেই রিজার্ভ ব্যাংক ও রিজাল ব্যাংক ছাড় না করার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংক দুটি বলছে, ছুটির কারণে তাঁরা বাংলাদেশ ব্যাংকের মেসেজ দেরিতে পেয়েছে। কিন্তু সার্বিক বিচারে রিজার্ভ ও রিজাল ব্যাংক দায় এড়াতে পারে না। কমিটি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছে।