পানামা পেপারসের নথিতে যেসব বাংলাদেশির নাম এসেছে, তাঁদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কমিটি বলেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির দায় এড়াতে পারে না ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক ও ফিলিপাইনের রিজাল ব্যাংক। তারা এ টাকা উদ্ধারে আন্তর্জাতিক চাপ বাড়ানোর সুপারিশ করেছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুর রাজ্জাক প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক পানামা পেপারসের তালিকাভুক্ত বাংলাদেশি ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। কমিটি বাংলাদেশ ব্যাংককে অনুসন্ধান শেষ করে জড়িত ব্যক্তিদের তালিকা ও এ বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলেছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে কমিটির পরের বৈঠকে পানামা পেপারস নিয়ে আলোচনা হবে।
দ্য ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিং জার্নালিস্টস (আইসিআইজে) পানামা পেপারস নামে ধারাবাহিক নথি ফাঁস করছে। এসব নথিতে দুই লাখের বেশি প্রতিষ্ঠান ও ব্যক্তির তথ্য রয়েছে। নথির সর্বশেষ কিস্তিতে কয়েকজন বাংলাদেশি নাগরিকের নাম ও ঠিকানা উঠে এসেছে।
এবি ব্যাংককে তলব করবে কমিটি: সংসদীয় কমিটির পরের বৈঠকে অফশোর ব্যাংকিং নিয়েও আলোচনা হবে। বাংলাদেশের এবি ব্যাংকের বিরুদ্ধে অফশোর ইউনিটের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। আবদুর রাজ্জাক বলেন, অভিযোগের সত্যতা জানতে কমিটির পরের বৈঠকে এবি ব্যাংক কর্তৃপক্ষকে তলব করা হবে। এ ছাড়া কমিটি বিদ্যমান অফশোর ব্যাংকিং নীতিমালা সময়োপযোগী করার সুপারিশ করেছে।