পানামা পেপারসে বাংলাদেশি : নতুন তালিকা নিরীক্ষা করবে দুদক
বিশ্বজুড়ে আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারির নতুন তালিকায় যেসব বাংলাদেশির নাম এসেছে, সেটা পরীক্ষা-নিরীক্ষা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরীক্ষার পরই এ বিষয়ে একটা যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে। আজ মঙ্গলবার দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।
সচিব বলেন, দুদকের চেয়ারম্যান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁর দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করা হবে।
পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম আসা বাংলাদেশিদের বিষয়ে অনুসন্ধানে এর আগে একটি কমিটি গঠিত হয়েছে। সেই কমিটিই নতুনভাবে আসা নামগুলোর বিষয়ে অনুসন্ধান করবে, নাকি নতুন কমিটি করা হবে—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরীক্ষা-নিরীক্ষার পরই।
এর আগে পানামা পেপারস কেলেঙ্কারিতে কোনো কোনো বাংলাদেশি নাগরিকের নাম এসেছে মর্মে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর গত ৭ এপ্রিল দুদকের উপপরিচালক আখতার হামিদ ভূঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করে দুদক। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মজিবুর রহমান ও উপসহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাত।
ওই দলটি ১১ জনকে তলবি নোটিশ পাঠায়। এর মধ্যে দুজনকে তাঁদের ঠিকানায় পাওয়া যায়নি। ছয়জনকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকিরা ব্যক্তিগত কারণ দেখিয়ে সময় নিয়েছেন বলে সচিব জানান।
প্রথমবার পানামা পেপারসের তালিকা প্রকাশের পর কোনো কোনো গণমাধ্যমে আসা বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম পানামা পেপারস কেলেঙ্কারিতে আদৌ আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া না গেলেও দুদক স্বতঃপ্রণোদিত হয়ে এ পদক্ষেপ নেয়।