পানি, খাদ্য, জ্বালানি ও প্রাণীবৈচিত্র্য নিরাপত্তা নিশ্চিত করতে চার দফা থিম্পু ঘোষণার মধ্য দিয়ে গতকাল শনিবার ভুটান জলবায়ু সম্মেলন শেষ হয়েছে। পূর্ব হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে গত শুক্রবার থিম্পুতে এ সম্মেলন শুরু হয়। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল এর উদ্যোক্তা। চার দেশের পরিবেশমন্ত্রিরা এতে অংশ নেন।থিম্পু ঘোষণায় উল্লিখিত চারটি বিষয়ে পারস্পরিক সহায়তার কথাও উল্লেখ করা হয়েছে। সম্মেলনে পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশ নেন।গতকাল থিম্পুতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং ভুটানের কৃষি ও পরিবেশমন্ত্রী প্রেমা জেমটুসো যৌথভাবে চার দফা থিম্পু ঘোষণা পড়ে শোনান। থিম্পু ঘোষণায় বলা হয়েছে, হিমালয় থেকে উৎপন্ন অভিন্ন নদীর পানি ব্যবহারে পারস্পরিক সহযোগিতা, জলাধার নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নদীর প্রবাহ বাড়ানো এবং ভাটির দেশের অধিকার রক্ষায় বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল একসঙ্গে কাজ করবে। সুষ্ঠু পানিব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনে নেপাল-ভুটান-ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়াও থিম্পু ঘোষণায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একটি অভিন্ন রাজনৈতিক অঙ্গীকার গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।