পানি আছে, পানি নেই, দুর্ভোগের শেষ নেই
প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা। রয়েছে অনেক নলকূপ, পাতকুয়া ও পুকুর। চারপাশে পানি। তবে তা পান করা কিংবা রান্নায় ব্যবহার করার উপযোগী নয়।১৫ জুন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জলোচ্ছ্বাসের লোনা পানিতে ভরে গেছে উপজেলার নলকূপ ও পাতকুয়াগুলো। এতে উপজেলার বিভিন্ন এলাকায় খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। দূরদূরান্ত থেকে পানি সংগ্রহ করতে গিয়ে দুর্ভোগে পড়ছে উপজেলার ৫০ হাজারের বেশি মানুষ।সরেজমিনে দেখা গেছে, টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া, মধ্যম জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, সাইডপাড়া, উত্তর জালিয়াপাড়া, কায়ুকখালিয়া পাড়া; সদর ইউনিয়নের নাজিরপাড়া, মৌলভীপাড়া; সাবরাং ইউনিয়নের চৌধুরীপাড়া, নয়াপাড়া, ওয়াবপ্রিয়া, মণ্ডলপাড়া, পানছড়িপাড়া, দক্ষিণ নয়াপাড়া, ঝিনাপাড়া; শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া, ক্যাম্পপাড়া, মিস্ত্রিপাড়া, ঘোলাপাড়া, মাঝরপাড়া, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া; হ্নীলা ইউনিয়নের দমদমিয়া, জাদিমুরা, লেদা, আলীখালী, রঙ্গীখালী, চৌধুরীপাড়া, নাটমোরাপাড়া, কাস্টমসপাড়া, ওয়াব্রং, মৌলভীবাজারসহ অধিকাংশ গ্রামের নলকূপ ও পাতকুয়ায় লবণাক্ত পানি ঢুকে পড়েছে।দুপুর ও সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এসব গ্রামের শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী-পুরুষ মাথা ও কোমরে কলসি, গ্যালন নিয়ে হেঁটে দুই-তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঝরনা, নলকূপ ও পাতকুয়া থেকে খাওয়ার পানি সংগ্রহ করছে।টেকনাফের মধ্যম জালিয়াপাড়ার গৃহিণী জমিলা বেগম বলেন, ‘জুর পানি পত্যদিন আরাঁর ঘর-বাড়িত ঢুকের। ফয়াতি ফুয়াতি গরত থাকা পাখকুয়াত নোনা পানি ঢুকিয়ারে খাইবর পানি নুন হই গি ওই। এহন খাইবর পানির লা খুব কষ্ট পাইর। ঝড় অইলে কিছু ঝড়র পানি খাইত পারির।’অর্থাৎ, জোয়ারের পানি প্রতিদিন ঘরে ঢুকে পড়ছে। সঙ্গে সঙ্গে বাড়ির পাতকুয়াগুলোতে লবণাক্ত পানি ঢোকায় খাওয়ার পানি লবণাক্ত হয়ে পড়েছে। এখন খাওয়ার পানির অভাবে খুবই কষ্ট পাচ্ছি। বৃষ্টি হলে কিছু পানি সংগ্রহ করে সেগুলো খাই।চৌধুরীপাড়ার ১২-১৮ বছর বয়সের কয়েকজন কিশোরী ও তরুণী আক্ষেপ করে বলেন, পানির জন্য কলস নিয়ে যাওয়ার সময় তাঁদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। সে জন্য তাঁরা দলবেেঁধ পানি আনতে যান।জালিয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলম ও মোহাম্মদ জোবাইর ক্ষোভ প্রকাশ করে বলেন, জলোচ্ছ্বাস কেটে গেছে, কিন্তু জোয়ারের পানি কাল হয়ে দাঁড়িয়েছে। সকাল-বিকেল জোয়ারের পানি ঢুকে নলকূপ ও পাতকুয়া লবণাক্ত করে ফেলছে।লোকজন এখন খাওয়ার পানির জন্য ছুটছে। যাদের সামর্থ্য আছে, তারা ফেরিওয়ালার কাছ থেকে প্রতি গ্যালন পানি ১৫-২৫ টাকা দামে কিনে খাচ্ছে। অনেকে কলস ও গ্যালন নিয়ে গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়াচ্ছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মচারী অর্জুন দাস বলেন, পাউবোর আবাসিক এলাকার পাতকুয়া থেকে পানি নিতে প্রতিদিন ভোর থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন বয়সের নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুরা ভিড় করছে।টেকনাফ পৌরসভার মেয়র হাজী ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জোয়ারের পানিতে পৌর এলাকার অধিকাংশ নলকূপ ও পাতকুয়া কোমর সমান লোনা জলে ঢুকে রয়েছে। ভাঙা বাঁধ মেরামত না করায় এ বর্ষা মৌসুমেও লোকজনকে খাওয়ার পানি নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।’এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সর্বপ্রথমে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এলাকার বেড়িবাঁধ নির্মাণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রামগুলোতে জোয়ারের পানি প্রবেশ বন্ধ করা গেলে পানির সমস্যা সমাধান হয়ে যাবে।’৩০ মেট্রিক টন চাল বরাদ্দ: টেকনাফে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা ৩০ মেট্রিক টন চাল গতকাল সোমবার বিকেল পর্যন্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়নি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ বলেন, জরুরি ত্রাণ হিসেবে ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। চালগুলো সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের কাছে দেওয়া হয়েছে এবং তা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।