পানি আছে, পানি নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাই, খাবার পানির খুব কষ্ট। তাই খুব বেশি তৃষ্ণা না থাকলে এই এলাকার মানুষ পানি খায় না। পানির ক্ষেত্রে এলাকার মানুষ বেশ কৃপণ। হঠাৎ পানি ফুরিয়ে গেলেও কেউ খাওয়ার পানির সাহায্যে এগিয়ে আসতে চায় না।’
বাগেরহাটের মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের আজিজ ভাট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে গত রোববার কথাগুলো বলছিলেন অহিদুল ইসলাম শিকদার। প্রচণ্ড দাবদাহের মধ্যে কথাগুলো বলতেই যেন মুখ শুকিয়ে যাচ্ছিল তাঁর। তিনি যখন এ কথাগুলো বলছিলেন, তখন চারদিকে শুধু পানি আর পানি! মাঝখান দিয়ে শুধু চলে গেছে ছোট একটি রাস্তা। কিন্তু অতিরিক্ত লবণাক্ততার কারণে ওই পানিও পানের উপযুক্ত নয়।
স্কুলটিতে বড় একটি পুকুর আছে। আগে এই পুকুর থেকেই খাওয়ার পানি সংগ্রহ করত এলাকাবাসী। ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় লোনা পানি ঢুকে পুকুরের পানি নষ্ট হয়ে যায়। গত বছর সরকারি উদ্যোগে প্রায় আট লাখ টাকা ব্যয়ে পুকুরটি সংস্কার করা হয়। কিন্তু তারপরও পুকুরের পানি লোনাই থেকে গেছে।
অহিদুল ইসলাম বলেন, এই এলাকার মানুষ প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার দূরের কবিরাজ দীঘি থেকে খাওয়ার পানি আনে।
সরেজমিন গত রোববার দুই ইউনিয়ন ঘুরে জানা গেছে, আইলার আগে সুন্দরবন ও চিলা ইউনিয়নের মানুষেরা পানি সংগ্রহ করত সুন্দরবন ইউনিয়নের তেঘরিয়া গ্রামের বাছাড়ের পুকুর, দিগরাজ পুকুর ও বুলবুড়িয়া পুকুর, বাঁশতলা গ্রামের সরকারি পুকুর ও আজিজ ভাট্টি মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে। কিন্তু আইলার পর পুকুরগুলোর পানি নষ্ট হয়ে যায়। পরে সংস্কার করা হলেও লবণাক্ততা কাটেনি।
সুপেয় পানির অভাবে তীব্র কষ্টের কথা শোনালেন বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ চক্রবর্তী। বললেন, প্রচণ্ড দাবদাহের মধ্যেও স্কুলের ছোট বাচ্চারা সামান্য পানি পান করে। আশপাশে কোনো খাওয়ার পানির ব্যবস্থা নেই। মাঝে মাঝে বাচ্চারা পানি পান করার জন্য চিৎকার করে। স্কুলের পক্ষ থেকে পানি কেনা হয় কিন্তু তাতেও প্রয়োজন মেটে না।
এলাকায় ফসলের জমি নেই বললেই চলে। রাস্তাটুকু ছাড়া প্রায় সব জায়গায় লবণ পানি তুলে চাষ করা হচ্ছে চিংড়ি। ফলে পাশে থাকা পুকুরগুলোর পানিও হয়ে পড়ছে লোনা। আইলার পর ছয় বছর চলে গেছে, তবে সেই ঝড়ের ক্ষতি আজও গুনছে মানুষ।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, চিংড়ি চাষের জন্য পুকুরের চারপাশের ঘেরগুলোতে লোনা পানি আটকে রাখা হয়। এর ফলে ওই লোনা পানি পুকুরে চলে এসে পুকুরের পানিকেও লোনা করে খাওয়ার অনুপযোগী করে ফেলছে।
জানতে চাইলে মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার বলেন, এলাকায় লোনা পানির জন্য অন্য কোনো চাষাবাদের সুযোগ নেই। তাই চিংড়ি ঘের করা ছাড়া উপায় থাকে না। তবে পানির সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি স্তরে চেষ্টা চলছে বলে দাবি তাঁর।
উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী এস এম কায়েস বলেন, এলাকায় পানির তীব্র সমস্যা আছে। পুকুরগুলো সংস্কার করে সুপেয় পানি সরবরাহের চেষ্টা হচ্ছে।
সংলাপ: দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের পানি ও স্যানিটেশন অধিকার নিশ্চিত করার জন্য গতকাল খুলনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক জাতীয় সংলাপের আয়োজন করা হয়। সংলাপে উপকূলীয় এলাকার সুপেয় পানির সমস্যা নিরসনে পুকুরগুলোকে চিংড়ি চাষের জন্য ইজারা না দেওয়া, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা, খাল পুনঃখনন করে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করার পরামর্শ দেন বক্তারা। বেসরকারি সংস্থা এনজিও ফোরামের আয়োজনে এই সংলাপে সভাপতিত্ব করেন প্রশাসক মোস্তফা কামাল।