পানি আর পানি, শিক্ষক শিক্ষার্থীদের চরম দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজের ভেতরের সব সড়কই ভাঙাচোরা আর খানাখন্দে ভরা। একটু বৃষ্টি হলেই সড়কগুলো কাদা-পানিতে একাকার হয়ে যায়। শিক্ষার্থীদের কেউ জুতা হাতে নিয়ে শ্রেণীকক্ষে যান, কেউ বা বই-খাতা নিয়ে পা পিছলে পড়েন। আর ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা পানির ওপরই ‘বসবাস’ করছেন। একাডেমিক ভবনগুলোর সামনে দিনের পর দিন পানি জমে মশা বংশ বিস্তার করছে। সঙ্গে রয়েছে শেওলা ও কচুরিপানার পচা গন্ধ। এই চিত্র শতবর্ষের পুরোনো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর এলাকার ডিগ্রি শাখার।জানা গেছে, ৪ নভেম্বর কুমিল্লায় বৃষ্টি হয়। ওই বৃষ্টির পানিতে কলেজের পুরো আঙিনা ডুবে যায়। ওই পানি গতকাল রোববার পর্যন্ত সরেনি। গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানি কলেজের নবাব ফয়জুন্নেছা ছাত্রীনিবাসের ভেতরে ঢুকেছে। ওই পানির ওপর দিয়ে শিক্ষার্থীদের খাবারঘর, শ্রেণীকক্ষ ও অতিথি ঘরে যাওয়া-আসা করতে হচ্ছে। কলেজের কাজী মোতাহার হোসেন গ্রন্থাগার ভবনের সামনে হাঁটুপানি। এই ভবনের সামনে ঘাস ও কচুরিপানা পচে গন্ধ বের হচ্ছে। সাইকেলস্ট্যান্ডের সামনের সড়ক পানিতে নিমজ্জিত। পদার্থবিজ্ঞান ভবনের সামনে পানি। ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে পানি জমে আছে। কলাভবনের সামনে পানি আর কাদায় একাকার হয়ে আছে। জানা যায়, ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দুটি শাখা রয়েছে। এর মধ্যে উচ্চমাধ্যমিক শাখার পাঠদান হয় নগরের কান্দিরপাড় এলাকায়। ডিগ্রি শাখা আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায়। ডিগ্রি শাখায় বর্তমানে ১৮টি বিষয়ে স্নাতক (সম্মান), ১৭টি বিষয়ে স্নাতকোত্তর ও পাস কোর্স মিলে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী রয়েছে। ১৯৬২ সালে নগরের কান্দিরপাড় থেকে তিন কিলোমিটার পশ্চিমে ধর্মপুরে কলেজের দ্বিতীয় ক্যাম্পাস হয়। পাঁচ বছর আগে কুমিল্লা শিল্পনগর এলাকার খালের পানি প্রবাহ বন্ধ করে দেয় একটি প্রভাবশালী মহল। এরপর থেকেই কলেজে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে। কিছুদিন আগে জলাবদ্ধতার কারণে পাঠদান প্রায় ১৫ দিন বন্ধও রাখা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, জলাবদ্ধতার কারণে কলেজের সব শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রতিবছর কলেজে উন্নয়ন ফি ও বার্ষিক মিলাদের নামে টাকা নেওয়া হয়। সরকার থেকেও উন্নয়ন বরাদ্দ আসে। সেগুলোর সদ্ব্যবহার হলে কলেজ কর্তৃপক্ষই পারে জলাবদ্ধতা নিরসন করতে। কলেজের পরিবেশ নিয়ে কলেজ প্রশাসনের কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না।কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জহিরুল ইসলাম পাটোয়ারী বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য মন্ত্রণালয়ে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দফায় দফায় বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু কোনো সাড়া মিলছে না। কলেজের অধ্যক্ষ মো. আবুল কাসেম মিয়া বলেন, ‘আমি এখানে যোগ দিয়েছি দুই মাস হলো। তার পরও চেষ্টা করছি বরাদ্দ এনে কিছু একটা করার।’ তিনি বলেন, স্বল্প বরাদ্দ দিয়ে ২০ একর জায়গার জলাবদ্ধতা দূর করা অসম্ভব। তাই কলেজের জলাবদ্ধতা নিরসন ও ভবনগুলো ব্যবহারের উপযোগী করার জন্য ২৫ কোটি টাকার একটি মহা পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা থাকবে না।