পানি আসছে, কাজও গতি পাচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান-বনানী লেকের কয়েকটি অংশে বাঁধ দিয়ে পানি শুকিয়ে তলদেশে জমে থাকা বর্জ্য পরিষ্কার করছে রাজউক। এক্সকাভেটর দিয়ে বর্জ্য পরিষ্কারের এই ছবি গত বুধবারের l প্রথম আলো
গুলশান-বনানী লেকের কয়েকটি অংশে বাঁধ দিয়ে পানি শুকিয়ে তলদেশে জমে থাকা বর্জ্য পরিষ্কার করছে রাজউক। এক্সকাভেটর দিয়ে বর্জ্য পরিষ্কারের এই ছবি গত বুধবারের l প্রথম আলো

গুলশান-বনানী লেকের কয়েকটি অংশে বাঁধ দিয়ে পানি শুকিয়ে তলদেশে জমে থাকা বর্জ্য পরিষ্কার করা হচ্ছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ কাজ করছে। রাজউক বলছে, এর ফলে লেকের গভীরতা বাড়বে। ফলে দখলও রোধ করা যাবে।
তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, শুকনো মৌসুমে কাজ শেষ করার কথা থাকলেও তা হয়নি। গত দু-তিন দিনের বৃষ্টিতে লেকে বাঁধ দিয়ে শুকানো অংশে পানি জমে গেছে। কয়েক মাস আগে কাজ শুরু করলেও কাজের গতি খুব মন্থর।
রাজউক সূত্র জানায়, গুলশান লেকের দুটি অংশ। একটি গুলশান-বনানী এলাকা এবং আরেকটি গুলশান-বারিধারা এলাকার মধ্য দিয়ে প্রবাহিত। গুলশান ১ থেকে গুলশান ২ পর্যন্ত গুলশান লেকের পাঁচ কিলোমিটার এলাকা রাজউকের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় এসেছে।
গত বুধবার গিয়ে দেখা যায়, গুলশানের ২৯ থেকে ৩২ নম্বর সড়কে লেকের অংশের দুপাশে বাঁধ দিয়ে পানি শুকিয়ে ফেলা হয়েছে। বিশাল আকারের পাঁচটি এক্সকাভেটর দিয়ে লেকের মাটি ও আবর্জনা তোলা হচ্ছে। সেই মাটি দিয়ে চওড়া পাড় তৈরি করা হচ্ছে।
রাজউকের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুর রহমান প্রথম আলোকে বলেন, লেকের অনেক জায়গা ভরাট হয়ে গেছে। ফলে গভীরতা বাড়াতে খননকাজ চলছে। ভাগে ভাগে লেকের বিভিন্ন অংশে তাঁরা কাজটি করছেন। ধাপে ধাপে পুরো লেক খনন করা হবে।
২৯ নম্বর সড়কের বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, শীতের শুরুতে লেকে পানি কম ছিল। অনেক জায়গা শুকানোও ছিল। তখন কিছু বর্জ্য তোলা হয়। পরে আর কাজ হয়নি। সেভাবেই পড়ে ছিল। চার-পাঁচ দিন আগে আবার কাজ শুরু হয়েছে। এখন তো লেকে বৃষ্টির পানি জমে গেছে।
সূত্র জানায়, ১৯৬৫ সালের পর থেকে এই লেক কখনো সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেয়নি ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) ও রাজউক। ফলে লেকের তলদেশে কেবলই বর্জ্য (স্লাজ) জমেছে। ঠিকাদারদের কাজ দেওয়ার সময় যা অনুমান করা হয়েছিল, লেকে তার চেয়ে চার গুণ বেশি ময়লা জমে আছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করছেন।
রাজউক সূত্রে জানা যায়, গুলশান, বনানী, বারিধারা লেক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় ২০১০ সালে। পরের তিন বছরের মধ্যে এর কাজ শেষ করার কথা ছিল। কিন্তু তা না হওয়ায় সময় বাড়িয়ে ২০১৬ সালের জুন পর্যন্ত করা হয়। এ সময়ের মধ্যেও কাজ শেষ না হওয়ায় পুনরায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য পরিকল্পনা কমিশনে আবেদন করা হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বাড়তে পারে বলে আশা করছে রাজউক।
গুলশান-বারিধারা লেক দূষণরোধে ঢাকা ওয়াসার গৃহীত প্রকল্পের ব্যর্থতার কারণ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে গঠিত তদন্ত কমিটি ২০১৬ সালে একটি প্রতিবেদন দেয়। তাতে বলা হয়, ওয়াসা, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও রাজউকের সমন্বিত উদ্যোগ ছাড়া লেকের দূষণ বন্ধ করা সম্ভব নয়।
এ বিষয়ে রাজউকের সদস্য আবদুর রহমান বলেন, লেকের পানি পরিষ্কার রাখতে পয়োনিষ্কাশন লাইনের সঙ্গে এর সংযোগ বন্ধ থাকবে। এ জন্য আলাদা করে নালা তৈরি হচ্ছে। পয়োবর্জ্য বিষয়ে ওয়াসার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। পুরো লেকের খনন কাজ এই মৌসুমে শেষ করা যাবে না। তবে এপ্রিল মাসের মধ্যে গুলশান ২৯ থেকে ৩২ নম্বর সড়কের মধ্যবর্তী অংশের খননকাজ শেষ করা হবে।