পানি আসে রাত একটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খানাখন্দে ভরা সড়ক, পানিসংকট ও দুর্বল পয়োনিষ্কাশনব্যবস্থাসহ নানা সমস্যায় ভুগছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৫ নম্বর ওয়ার্ডের মানুষ। দীর্ঘদিন থেকে এ অবস্থা চললেও করপোরেশনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল মঙ্গলবার ওয়ার্ডটিতে গেলে এসব সমস্যার কথা বলেছেন এলাকাবাসী।
শাহীনবাগ, আরজতপাড়া ও নাখালপাড়া নিয়ে ডিএনসিসির ২৫ নম্বর ওয়ার্ড। স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘শীতে গ্যাসের সংকট থাকলেও এখন সে সমস্যা মিটেছে। তবে পানির সংকট চরমে।’ তাঁর ভাষ্য, পশ্চিম নাখালপাড়া থেকে লোকাস ব্যাটারির মোড় পর্যন্ত এলাকায় সাত দিন ধরে দিনের বেলা কোনো পানি পাওয়া যায় না। ঢাকা ওয়াসাকে (রাজধানীর পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান) একাধিকবার তাগাদা দিলেও তারা কোনো উদ্যোগ নেয়নি। তিনি বলেন, ‘রাত একটার দিকে কিছু পানি আসে। সেই পানি ধরে রেখে সারা দিন চলতে হয়। পানির জন্য রাত জাগতে হয় এলাকাবাসীকে।’
আরজতপাড়ার সিরাজুল ইসলামও একই অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘তিন দিন থেকে পানির খুব সমস্যা হচ্ছে। দিনের বেলা পানি থাকে না বললেই চলে।’
অন্য কোনো সমস্যা আছে কি না, জানতে চাইলে ক্ষোভের সঙ্গে পয়োনিষ্কাশন সমস্যার কথা জানান দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘সামনের যে সড়কটি দেখছেন (ফার্মগেট থেকে পশ্চিম নাখালপাড়া রেলগেট হয়ে নাবিস্কো যাওয়ার সড়ক) এটিই নাখালপাড়াবাসীর চলাচলের মূল সড়ক। একটু বৃষ্টি হলেই এই সড়কে হাঁটুপানি জমে। ছেলেমেয়েদের স্কুলে যাওয়া দূরে থাক, কেউ ঘর থেকেই বের হতে পারে না।’
৫৭১ পশ্চিম নাখালপাড়ার কোহিনূর আক্তারও পয়োনিষ্কাশনব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, পানির চাপ আগের চেয়ে কিছুটা কম। কিন্তু এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পয়োনিষ্কাশন। এ ব্যবস্থা খুবই খারাপ। প্রমাণ হিসেবে তিনি এই প্রতিবেদককে পশ্চিম নাখালপাড়ার ছয় নম্বর গলিতে নিয়ে যান। সেখানে গিয়ে দেখা যায়, কুয়েতি মসজিদের সামনে থেকে শাহীনবাগ পর্যন্ত সড়কে ড্রেনের পানি জমে আছে। দুর্গন্ধের কারণে নাকে কাপড় চেপে এক দিক থেকে অন্য দিকে যাচ্ছেন বাসিন্দারা। গলিটি সম্পর্কে কোহিনূর আক্তার বলেন, সারা বছরই এই গলিতে ড্রেনের পানি জমে থাকে। সমস্যা সমাধানের জন্য আমরা মন্ত্রী পর্যন্ত গিয়েছি। কিন্তু কোনো সমাধান হয়নি। শুক্রবার এদিক দিয়ে কেউ নামাজ পড়তেও যেতে পারেন না। বৃষ্টি হলে ড্রেনের পানি গলির পাশের বাড়িগুলোতেও ঢুকে যায়। বৃষ্টিতে এলাকার অন্য গলিগুলোর অবস্থাও একই রকম হয় বলে তিনি জানান।
সড়কে খানাখন্দের অভিযোগ পাওয়ার পর এলাকা ঘুরে দেখা গেছে, নাখালপাড়ার মূল সড়কটিসহ অধিকাংশ সড়কই ছোট-বড় গর্তে ভরা। রিকশায় গেলে মনে হয় এই বুঝি পড়ে গেলাম! শুধু এ সড়কই নয়, আরজতপাড়া, শাহীনবাগ ও নাখালপাড়ার অন্যান্য সড়কের অবস্থাও প্রায় একই রকম। স্থানীয় ব্যক্তিরা জানান, প্রায় এক বছর আগে ওয়াসার কাজের জন্য সড়কে খোঁড়াখুঁড়ি করা হয়। এত দিনেও তা আর পুনর্নির্মাণ করা হয়নি।
এই এলাকার বাড়িগুলো এমনভাবে বানানো হয়েছে যে এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব নেই বললেই চলে। কোনো কোনো ক্ষেত্রে বাড়ি তৈরি করতে গিয়ে চলাচলের পথটিও অবৈধভাবে দখল করা হয়েছে। ফলে এই এলাকার মূল সড়ক ছাড়া অন্য গলিগুলো খুবই সরু। পাশাপাশি দুটি রিকশা চলতেও সমস্যা হয়।
এসব সমস্যা ছাড়াও রয়েছে চোরের উপদ্রব। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদি হাসান বলেন, ‘প্রায়ই এলাকায় চুরি হয়। গতকালও (সোমবার) একটি বাড়ির চারতলা ও নিচতলায় চুরি হয়েছে।’ পশ্চিম নাখালপাড়া বিটিআইয়ের (হামিদ টাওয়ার) বিপরীত দিকের চুরি হওয়া ওই বাড়িতে এ বিষয়ে কথা বলতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মূল ফটক তালাবদ্ধ ছিল। পরিবেশের তুলনায় এ এলাকার বাসা ভাড়াও তুলনামূলকভাবে বেশি বলে মেহেদি জানান।
এলাকাবাসীর এসব সমস্যা সম্পর্কে জানতে ওয়ার্ড কমিশনার শেখ মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, ‘এলাকায় পানি, বিদ্যুৎ বা গ্যাসের কোনো সমস্যা নেই। আগে দু-একটা চুরির ঘটনা ঘটলেও এখন সেটাও আর হয় না।’ তাঁর মতে, সব নাগরিক সুবিধা নিয়ে সুখে-শান্তিতে রয়েছেন নাখালপাড়া, আরজতপাড়া ও শাহীনবাগের বাসিন্দারা।