পানি উন্নয়ন বোর্ডের বাঁধ হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙনও শুরু হয়েছে। ভাঙনের কারণে মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ হুমকির মুখে পড়েছে। এ ছাড়া ইতিমধ্যে পৌর এলাকা ছাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের স্কুল, মাদ্রাসাসহ দুই শতাধিক ঘরবাড়ি এবং কয়েকটি বৈদ্যুতিক খুঁটি হুমকিতে বলে জানা গেছে। এদিকে নদীভাঙনের কারণে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ত্রিমোহন এলাকায় প্রায় ৫০০ ফুট জায়গা হুমকির মুখে পড়েছে। বাঁধ রক্ষার জন্য এরই মধ্যে ওই এলাকায় গাছের ডালপালা ও বালিভর্তি বস্তা ফেলা হচ্ছে।গোড়াইল গ্রামের ফেরদৌস মৃধা জানান, নদীভাঙনের কারণে তাঁদের ঘর অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। চাকলেশ্বর গ্রামের হাবেল মৃধা বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে এখানকার ঘরবাড়ি একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে। ত্রিমোহন গ্রামের ছবুর মিয়ার স্ত্রী ফুলতারা বেগম (৪৫) বলেন, বাঁধ ঘেঁষে যে ভাঙনের শুরু হয়েছে, তাতে এ বছর মনে হয় বাঁধ রক্ষা করা যাবে না। মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক সোহরাব হোসেন বলেন, যেসব এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভাঙনের মুখে পড়েছে, তা রক্ষার্থে কাজ শুরু করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহানারা বেগম বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।