পানি ও গর্তে ভরা সড়ক রেললাইন ধরে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের হাড্ডিপট্টি আন্তউপজেলা বাস টার্মিনালের প্রবেশমুখসংলগ্ন স্থানে পিচ-কার্পেটিং-খোয়া উঠে গভীর গর্তে সারা বছর জলাবদ্ধতা লেগে থাকছে। এতে কামারগাড়ি রেলক্রসিং-হাড্ডিপট্টি-চকসূত্রাপুর সড়কের পথচারীরা পার্শ্ববর্তী রেললাইনের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।সরেজমিন ঘুরে ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কামারগাড়ি-হাড্ডিপট্টি-চকসূত্রাপুর সড়কে প্রতিদিন শহরের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আন্তউপজেলায় যাতায়াতকারী যাত্রী ছাড়াও সরকারি আযিযুল হক কলেজের কয়েক হাজার শিক্ষার্থী এ সড়ক হয়ে শহরে যাতায়াত করেন। কামারগাড়ি এলাকায় গড়ে ওঠা শতাধিক ছাত্রীনিবাসে বসবাসরত শিক্ষার্থীরাও এ সড়ক দিয়ে শহরের বাজারঘাট, কেনাকাটাসহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। কিন্তু প্রায় পাঁচ বছর ধরেই সড়কটির হাড্ডিপট্টি বাস টার্মিনালের পশ্চিম প্রবেশমুখসংলগ্ন স্থানে ইট-খোয়া-পিচ উঠে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। টার্মিনালের বাস ধোয়ার ময়লা পানি গর্তে জমে প্রায় সারা বছরই একাকার থাকে সড়কটির ওই অংশ। বাধ্য হয়ে পথচারীরা পার্শ্ববর্তী রেললাইনের ওপর দিয়ে পারাপার হচ্ছেন।টার্মিনালের পান দোকানি হোসেন আলী প্রথম আলোকে বলেন, বাস ধোয়ার পানি কিংবা একটু বৃষ্টি হলেই কাদাজলে একাকার সড়কটিতে চলাচল করতে পারে না পথচারী। রেললাইনের ওপর দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটে। আরেক দোকানদার জাহাঙ্গীর আলম বলেন, পাঁচ বছর ধরে সড়কটির এমন বেহালদশা। অনেকে খোঁজ নিতে আসে, কিন্তু সমস্যার সমাধান হয় না। টার্মিনালের মোটরপার্টস ব্যবসায়ী আতিকুর রহমান বলেন, রেললাইনের ওপর দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় এ পর্যন্ত শতাধিক পথচারীর হাত-পা ভেঙেছে। প্রাণহানি হয়েছে দুজনের, পঙ্গু হয়েছে অনেকেই। রেললাইনের ওপর দিয়ে রিকশা পারাপারকারী আবদুল বাসেত বলেন, রেললাইনের ওপর দিয়ে চলাচলে ঝুঁকি তো আছেই, আবার কাদাজলের ওপর দিয়ে রিকশা তো চলে না।সরকারি আযিযুল হক কলেজের মাস্টার্সের ছাত্রী সুলতানা রাজিয়া বলেন, ‘রেললাইনের ওপর দিয়ে চলাচল করতে বুকটা দুরু দুরু করে। কিন্তু চলাচল না করেও উপায় নেই। ভাঙা রাস্তার কারণে শহরে রিকশা যেতে চায় না।’ মহিমাগঞ্জ রুটের বাসচালক ডালিম হোসেন বলেন, প্রবেশমুখে বেহাল অবস্থার কারণে টার্মিনালের ভেতর বাস নেওয়া যায় না। টার্মিনালের চেইন মাস্টার আবদুল করিম বলেন, প্রতিদিন এ টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে প্রায় ২০০ বাস চলাচল করে। প্রবেশমুখের এই জলাবদ্ধতার কারণে যাত্রী-চালক সবাইকে ভোগান্তি পোহাতে হয়। মোটরমালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুদ্দীন শেখ বলেন, সড়কটি সংস্কারের জন্য বাসের মালিকদের পক্ষ থেকে পৌরসভাকে অনেকবার অনুরোধ করা হয়েছে; কিন্তু পৌরসভা সংস্কার করেনি। বাধ্য হয়ে বাসের মালিকদের নিজেদের উদ্যোগেও একাধিকবার ভাঙাচোরা ও গর্তের ওই অংশে খোয়া ঢালা হয়েছে, কিন্তু কোনো কাজে আসছে না।মেয়র এ কে এম মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, শহরের ওই সড়কসহ টার্মিনালটি রেলওয়ের জায়গায় হওয়ায় তিন বছর আগে পৌরসভার পক্ষ থেকে মামলা করা হয়। কিন্তু পৌরসভার সংশ্লিষ্ট শাখার উদাসীনতার কারণে রেলওয়ে একতরফা ডিক্রি পায়। টার্মিনাল এলাকায় বাস ধোয়ার পানি জমে সড়কটির ওই স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। টার্মিনাল থেকে টোল না পাওয়ায় পৌরসভার পক্ষ থেকেও সড়কটি সংস্কার করা সম্ভব হচ্ছে না।