চট্টগ্রামে ভূগর্ভস্থ থেকে ভূপৃষ্ঠের পানি, শব্দ থেকে বাতাস—সবকিছুই দূষিত হয়ে পড়েছে। খাবার ও ব্যবহার্য পানিতে কলিফর্ম জীবাণু, নলকূপের পানিতে আর্সেনিক ও আয়রনের মাত্রা দিন দিন বাড়ছে। একই সঙ্গে বাড়ছে বায়ু ও শব্দদূষণের মাত্রা।
পরিবেশ অধিদপ্তরের নিয়মিত পরীক্ষায় এই চিত্র উঠে এসেছে। বায়ু ও পানিদূষণের কারণে মানুষের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা বাড়ছে বলে চিকিৎসকেরা মনে করছেন। শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া, বয়স্কদের হূদেরাগসহ নানা সমস্যা দেখা দিচ্ছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ বলেন, বাতাসে সিসা, নাইট্রোজেন, ধুলাবালি বেশি থাকলে শিশু ও বৃদ্ধদের ফুসফুস ও শ্বাসনালির সংক্রমণ দেখা দেয়। এ ছাড়া পানিদূষণের ফলে হেপাটাইটিস, ডায়রিয়া, পেটের পীড়াসহ নানা রোগ হয়।
দূষণের কথা স্বীকার করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. জাফর আলম বলেন, ‘আমরা নিয়মিত পানি, বায়ু, শব্দ ইত্যাদি পরীক্ষা করি। কারখানা ও যানবাহনের কালো ধোঁয়ার কারণে বাতাস ও শব্দ দূষিত হচ্ছে। জনসচেতনতা, উদ্বুদ্ধকরণ ছাড়া এই পরিবেশদূষণ রোধ করা সম্ভব নয়।’
পানি দূষিত: অধিদপ্তর গত এক বছরে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থান থেকে খাওয়ার পানির ১২০টি নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে ৮০টি নমুনাতে কলিফর্ম পাওয়া গেছে। এগুলোর প্রতি ১০০ মিলিলিটারে সর্বোচ্চ ২১০ পর্যন্ত কলিফর্ম পাওয়া গেছে। এটার আদর্শ মান হচ্ছে ৫০।
একই সময়ে ৭২টি নলকূপের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১৮টিতে আয়রন, টিএস ও টিডিএসের উপস্থিতি পাওয়া গেছে। খাওয়ার পানিতে আয়রনের গ্রহণযোগ্য মান প্রতি মিলিগ্রামে দশমিক ০৩ থেকে ১ এর মধ্যে থাকার কথা। কিন্তু এ ক্ষেত্রে প্রতি মিলিগ্রামে সর্বোচ্চ ২ দশমিক ৯৪ পর্যন্ত আয়রন পাওয়া গেছে।
বাতাসে বিষ: কালো ধোঁয়ার সঙ্গে বস্তুকণা, সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন ডাই-অক্সাইড, সিসাসহ অন্যান্য ক্ষতিকর উপাদান বাতাসে ছড়িয়ে পড়ছে। প্রায় ২০০টি কলকারখানা ও যানবাহনের কালো ধোঁয়া এ জন্য দায়ী। এভাবে চট্টগ্রামের বাতাস দ্রুত দূষিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর নগরের অন্তত ৭২টি স্থান থেকে বায়ুর নমুনা সংগ্রহ করেছে। তার মধ্যে আবাসিক এলাকা ছাড়া অন্যান্য স্থানের বাতাসে এসপিএম (সাসপেনডেন্ট পারটিকুলেট মেটার) পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার অন্তত পাঁচ-ছয় গুণ বেশি। এসপিএমের গ্রহণযোগ্য মাত্রা যেখানে প্রতি ৮ ঘণ্টায় ২০০, সেখানে কদমতলী, বায়েজিদ ও আগ্রাবাদ এলাকায় তা ৮০০ পর্যন্ত পাওয়া গেছে। কলকারখানা ও যানবাহনের কারণে বায়ু দূষিত হচ্ছে বলে পরিবেশ অধিদপ্তরের রসায়নবিদ মো. জমির উদ্দিন জানান।
শব্দদূষণ: ২৪০টি স্থানের শব্দের মাত্রা পরীক্ষা করেছে অধিদপ্তর। এতে ওই সব এলাকায় শব্দদূষণের প্রমাণ পাওয়া গেছে। নগরের সার্কিট হাউস, বহদ্দারহাট, কাজীর দেউড়ি, আগ্রাবাদ, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় শব্দদূষণ হচ্ছে ভয়াবহ আকারে। আবাসিক এলাকায় দিনের বেলায় ৬০ ডেসিবেল। আর রাতের বেলায় ৫০ ডেসিবেল নির্ধারিত মান। কিন্তু এসব এলাকায় ৮০ ডেসিবেল পর্যন্ত পাওয়া গেছে। শব্দদূষণ রোধের জন্য অধিদপ্তর বিভিন্ন যানবাহনকে জরিমানা করেছে।