পানি ও বিদ্যুতের অপচয় রোধে সচেতন হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি ও বিদ্যুতের অপচয় রোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
গত রোববার দুপুরে পুরান ঢাকার বনগ্রাম জামে মসজিদসংলগ্ন নবনির্মিত গভীর নলকূপের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান মেয়র। এলাকাটি ডিএসসিসির ৩৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
সাঈদ খোকন বলেন, ভূগর্ভ থেকে পানি তোলা অত্যন্ত বিপজ্জনক। এতে ভূ-অভ্যন্তরে গভীর শূন্যতা ও ঝুঁকির সৃষ্টি হয়। নগরের সবাইকে প্রতি ফোঁটা পানির সর্বোত্তম ব্যবহার করতে হবে। প্রয়োজনে বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার করতে হবে। তিনি বলেন, পানি ও বিদ্যুৎ দেশের মূল্যবান সম্পদ। দৈনন্দিন ব্যবহারের সময় একনাগাড়ে কল খুলে রেখে কাপড় ধোয়া, সেভ করা, থালাবাসন ধোয়ার মধ্য দিয়ে ব্যাপকভাবে পানির অপচয় হয়। পানি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হতে হবে।