পানি ও বিদ্যুতের দাবিতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি ও বিদ্যুতের দাবিতে গত রোববার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র তিন ঘণ্টা অবরোধ করে রাখেন এলাকাবাসী। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তিন ঘণ্টা বিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটক অবরোধ করে রাখা হয়। অবরোধ চলাকালে সমাবেশে বক্তব্য দেন স্থানীয় পানি-বিদ্যুৎ সংগ্রাম কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য আশরাফুল আলম, হেলালুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, ২০০৬ সালে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর থেকে পূর্ব শেরপুর, দক্ষিণ শেরপুর, রামভদ্রপুর, দুধীপুকুর, ইসবপুরসহ আশপাশের গ্রামগুলোতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎকেন্দ্রের ১৪টি গভীর নলকূপ ২৪ ঘণ্টা চালু রাখায় আশপাশের গ্রামগুলোর নলকূপগুলো পানি পাচ্ছে না। তাঁরা বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলীর কাছে সমস্যা সমাধানের জন্য একাধিকবার গেলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। অবরোধ কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল কয়লাখনি মোড় হয়ে ধাপের বাজার এলাকা প্রদক্ষিণ করে।প্রসঙ্গত, তাপবিদ্যুৎকেন্দ্রের আশপাশের গ্রামগুলোর পানি ও বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।