পানি ও বিদ্যুতের দাবিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ সরবরাহ ও ভূগর্ভস্থ পানি-সংকট সমাধানের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র ঘেরাও করেন আশপাশের ১০টি গ্রামের বাসিন্দারা। এ সময় ঘেরাওকারীরা ফুলবাড়ী-পার্বতীপুর সড়কও অবরোধ করেন। দাবি পূরণের জন্য বিক্ষোভকারীরা কর্তৃপক্ষকে ২৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন। অন্যথায় ২৬ অক্টোবর তাপবিদ্যুৎকেন্দ্রের গভীর নলকূপ (পাম্প) বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। দুপুর দেড়টায় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। পানি-বিদ্যুৎ সংগ্রাম কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।ঘেরাওকারীদের অভিযোগ, বিদ্যুৎ উৎপাদনের জন্য তাপবিদ্যুৎকেন্দ্রের আশপাশে ১৪টি গভীর নলকূপ বসানো আছে। প্রতিনিয়ত ওই পাম্পগুলো দিয়ে প্রচুর পরিমাণ ভূ-গর্ভস্থ পানি তোলা হয়। এতে দীর্ঘদিন থেকে পার্শ্ববর্তী ইসবপুর, শেরপুর, দুধিপুকুর, রামভদ্রপুরসহ ১০টি গ্রামে পানিশূন্যতা দেখা দিয়েছে। নলকূপে পানি ওঠে না। খাবার পানি ও চাষাবাদের জন্য ওই গ্রামগুলোয় এখন পানির তীব্র সংকট। তা ছাড়া দুধিপুকুর, রামভদ্রপুরসহ কয়েকটি গ্রামে বিদ্যুতের সংযোগও নেই। কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও বিষয়টির সুরাহা হয়নি।এরই পরিপ্রেক্ষিতে পানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে ওই গ্রামগুলোর সহস্রাধিক বাসিন্দা লাঠি নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ মোতায়েন করে। সমস্যার সমাধানে দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভকারীদের ১১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। বৈঠকে বিক্ষোভকারীরা সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষকে ২৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন। নইলে ২৬ অক্টোবর কেন্দ্রের গভীর নলকূপ বন্ধ করে দেওয়া হবে বলে তাঁরা ঘোষণা করেন। এরপর দুপুর দেড়টায় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করা হয়।এর আগে ঘেরাও কর্মসূচি চলার সময় তাপবিদ্যুৎকেন্দ্রের ফটকের সামনে এক বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম, শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হারুনুর রশীদ, কমিটির উপদেষ্টা এস এম নুরুজ্জামান প্রমুখ। তাপবিদ্যুৎকেন্দ্রের সূত্রে জানা যায়, বিদ্যুৎ উৎপাদনের জন্য ১৪টি গভীর নলকূপ ওই গ্রামগুলোর আশপাশে বসানো আছে। দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের সময় ১২টি গভীর নলকূপ অবিরাম চালু রাখতে হয়।সংগ্রাম কমিটির সদস্যসচিব আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের জমি-জমার ওপরই বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে অথচ আমরাই বিদ্যুৎ পাচ্ছি না। খাবার পানি কিনে নিতে হয়। ইসবপুর গ্রামে পাম্পের মাধ্যমে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু মাসে ১০০ টাকা করে দিতে হয়।’ তিনি বলেন, কর্তৃপক্ষ গ্রামবাসীর দাবিগুলো সমর্থন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ হালদার বলেন, ‘আমার কাজ বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে দেওয়া। গ্রামবাসীর সমস্যা সমাধান করা আমার পক্ষে সম্ভব নয়। আন্দোলনকারীদের দাবি যুক্তিযুক্ত। তাই আগেই গ্রামবাসীর দাবিগুলোর বিষয়ে পাঁচ সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে সুপারিশ পিডিবির চেয়ারম্যানের কাছে পাঠিয়েছি। আমি তাঁদের সহযোগিতার আশ্বাস দিয়েছি।’তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটই বন্ধকারিগরি ত্রুটির কারণে গত সোমবার ভোরে আড়াই শ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল দুপুর পর্যন্ত ত্রুটি শনাক্ত করতে পারেননি। কেন্দ্রটি চালু হতে কত সময় লাগবে সুনির্দিষ্টভাবে তা-ও বলতে পারেননি তাঁরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ হালদার বলেন, ত্রুটি চিহ্নিত করতে আপ্রাণ চেষ্টা চলছে। দ্রুত দুটো ইউনিটই চালু করা সম্ভব হবে।