পানি ও বিদ্যুৎ খাতে বিশেষজ্ঞ দল করবে বিবিআইএন
পানি ও বিদ্যুৎ খাতে উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়াতে একটি বিশেষজ্ঞ দল গঠন করতে রাজি হয়েছে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল।
গতকাল বুধবার রাজধানীতে পানিসম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুৎ/জলবিদ্যুৎ, কানেক্টিভিটি ও ট্রানজিট নিয়ে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) উপ-আঞ্চলিক সহযোগিতা-বিষয়ক যৌথ কর্মদলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুই দিনের ওই বৈঠক গতকাল শেষ হয়েছে।
বৈঠক সূত্র বলেছে, চার দেশের কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন—বিশেষজ্ঞ দলটি পানিসম্পদ ব্যবস্থাপনা, নির্দিষ্ট জলবিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ বেচাকেনা, বিদ্যুৎ সঞ্চালনের লাইন স্থাপন এবং বন্যা পূর্বাভাসের ক্ষেত্রে সহযোগিতার জন্য সবচেয়ে ভালো উদাহরণ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করবে।
উপ-আঞ্চলিক সহযোগিতা-বিষয়ক বৈঠকে কানেক্টিভিটি ও ট্রানজিটের ক্ষেত্রে বিবিআইএন মোটরযান চুক্তি সইয়ের পর যে অগ্রগতি হয়েছে তা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে সার্ক আঞ্চলিক রেলচলাচল চুক্তির অনুসরণে সম্ভাব্য বিবিআইএন রেল চুক্তি নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া উপ-আঞ্চলিক বাণিজ্য ও ট্রানজিটের স্বার্থে চার দেশই স্থলবন্দর/শুল্ক স্টেশনগুলোকে বিশেষ গুরুত্ব দিতে রাজি হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) তারেক মো. আরিফুল ইসলাম, ভুটানের পক্ষে অর্থনৈতিক-বিষয়ক মন্ত্রণালয়ের জলবিদ্যুৎ ও বিদ্যুৎ-ব্যবস্থা বিভাগের পরিচালক করমা পি দর্জি, ভারতের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উত্তর) অভয় ঠাকুর ও যুগ্ম সচিব (বিএম) শ্রীপ্রিয়া রঙ্গনাথন এবং নেপালের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (দক্ষিণ এশিয়া) প্রকাশ কুমার সুভেদি নেতৃত্ব দেন।