চাঁদপুরের মতলব পৌরসভার অধিকাংশ সড়ক ভাঙাচোরা। অধিকাংশ বাসিন্দার বাড়িতে পানির লাইন নেই। অনেক এলাকায় নেই বিদ্যুৎ। পৌরসভার এসব সমস্যা সমাধানে যে মেয়র পদপ্রার্থী উদ্যোগ নেবেন তাঁকেই ভোট দেবেন বলে জানিয়েছেন এ পৌরসভার বিভিন্ন শ্রেণি ও পেশার ভোটার।
গত মঙ্গলবার বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের কাছে কেমন মেয়র প্রত্যাশা করেন জানতে চাইলে তাঁরা পৌরসভার নানা সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা জানান, ভোটের আগে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পৌর এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে আর কোনো খবর নেন না। কোনো কোনো ভোটার এবার সুষ্ঠু নির্বাচন হবে কি না তা নিয়েই শঙ্কা প্রকাশ করেন।
পৌর বাজারের ছাতা মেরামতকারী দুদু মিয়া বলেন, ‘১৮ বছরেও কেউ কথা রাহে নাই। উন্নয়নের কথা কইয়াও করে নাই।’
কলেজশিক্ষক জি এম হাবিব খান বলেন, ভোটারদের মনে দুটি সংশয় কাজ করছে। প্রথমত, নির্বাচন সুষ্ঠু হবে কি না। দ্বিতীয়ত, নির্বাচিত প্রতিনিধিরা এলাকার জন্য কাজ করবেন কি না।
কদমতলী গ্রামের আবদুর রব খান বলেন, ‘পৌরসভায় খালি নাই আর নাই। শহরে নাই ডাস্টবিন, পাবলিক টয়লেট, বাচ্চাদের পার্ক। রাস্তার লগে নাই কোনো নালা। বৃষ্টি অইলেই পানি জইম্মা থায়ে। চলাফেরায় আমাগো কষ্ট অয়।’
মুদি দোকানি আমিন মৃধার অভিযোগ—‘হেগো পাতি (টাকা) না দিলে রাস্তায় বাতি মিলে না, ঘুষ না দিলে ব্যবসার লাইসেন্স দেয় না। খালি কর নেওনের বেলায় ওস্তাদ, সেবা দেওনের বেলায় নাই।’
মতলব পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, শহরের ১৩ হাজার বাসিন্দার মধ্যে মাত্র ৪৯৫ জনের বাড়িতে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডেই বিদ্যুৎ নেই। বিএনপির নেতা এনামুল হক ২০০৪, ২০০৮ ও ২০১১ সালে পৌরসভার মেয়র নির্বাচিত হন। তাঁর আগে আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম চেয়ারম্যান ছিলেন। মাঝখানে কিছুদিন পৌর আওয়ামী লীগের নেতা আওলাদ হোসেন ভারপ্রাপ্ত মেয়র ছিলেন। ক্ষমতাসীন দলের মেয়র না থাকায় এখানে সব উন্নয়ন কার্যক্রম বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বর্তমান মেয়র ও বিএনপির মেয়র প্রার্থী এনামুল হক বলেন, ‘পৌরসভার উন্নয়নে চেষ্টা করেছেন। তবে বরাদ্দের অভাবে অনেক কিছুই করতে পারেননি।’ আওয়ামী লীগের মেয়র প্রার্থী আওলাদ হোসেন বলেন, ‘নির্বাচিত হলে প্রত্যাশিত উন্নয়ন করব।’
৩ নম্বর ওয়ার্ডের ভোটার মজিবুর রহমান বলেন, ‘বাড়ি থেইক্কা বাজারে আওনের রাস্তাডা এহনও কাঁচা। রিকশাই চলে না। বাজারে ফসল আনা-নেওয়ায় খুব কষ্ট অয়।’ মাছবিক্রেতা ছিদ্দিকুর রহমানের ক্ষোভ, তাঁর ভাষায়, ‘পানির লাইন চাইছিলাম। দিমু-দিতাছি কইরাও দেয় না।’ চরমুকুন্দি এলাকার যুবক আহসান উল্যা বলেন, ‘শহরডা সুন্দর করনের কুনো খবর নাই। এইডা নামেই খালি পৌরসভা, বাস্তবে হুদা।’
ওষুধ ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, ‘এইডা কীয়ের পৌরসভা। শহরে অটোরিকশা আর বাসস্ট্যান্ডই এহনও অইল না।’
কদমতলী এলাকার খায়রুল ইসলাম বলেন, ‘উপজেলা নির্বাচনে ভোট দিতে পারি নাই। সরকারি দলের লোকরা প্রশাসনের সাহায্য নিয়া কেন্দ্র দখল করছে। এবারও মনে অয় হেই অবস্থাই অইব। এবার ভোট দিতে পারুম তো?’
চায়ের দোকানি লোকমান হোসেন বলেন, ‘চুপ থায়েন, আগে ভোটটা আইতে দেন। পরে এই সব কথা কইয়েন। ভোট দিতে পারলে এইবার বুইঝ্যা-হুইন্নাই দিমু।’