পানি ও স্যানিটেশন খাতে গ্রাম-শহরের বৈষম্য দূর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীবাসীর জন্য পানি ও স্যানিটেশন খাতে জনপ্রতি বরাদ্দ ৯০০ টাকা। অথচ চরবাসীর জন্য জনপ্রতি ১১ এবং পাহাড়ি জনগোষ্ঠীর জন্য ২২ টাকা, উপকূলীয় জনগোষ্ঠীর জন্য ২০০ টাকা বরাদ্দ। বিদ্যমান এ বৈষম্য পানি ও স্যানিটেশন সেক্টরের উন্নয়নে সবচেয়ে বড় বাধা।

গতকাল বুধবার ‘এনহ্যান্সিং গভর্ন্যান্স অ্যান্ড ক্যাপাসিটি অব সার্ভিস প্রোভাইডরস অ্যান্ড সিভিল সোসাইটি ইন ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন সেক্টর’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) আর্থিক সহায়তায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ দেশের ২৫টি জেলার, ২৭টি উপজেলার ৫৯টি দুর্গম ও পিছিয়ে পড়া ইউনিয়নে চার বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়িত করছে। বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত উইলিয়াম হানা এনজিও ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে প্রকল্পটি উদ্বোধন করেন। প্রধান অতিথি হানা বলেন, ইইউ যেসব উন্নয়নমূলক কাজে বাংলাদেশকে সহযোগিতা করছে, সেগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে সুশাসন। দেশে ওয়াস খাতের বরাদ্দ ও সেবাব্যবস্থা অপর্যাপ্ত হওয়া সত্ত্বেও দুর্গম ও পিছিয়ে পড়া অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর কাছে যেন এ সেবা পৌঁছানো যায়, তা নিশ্চিত করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

এনজিও ফোরামের নির্বাহী কমিটির সভাপতি তাহেরুন্নেসা আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম খান, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু তাহের খান, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের নির্বাহী পরিচালক এস এম এ রশীদ, ওয়াটারএইড ইন বাংলাদেশের দেশীয় প্রতিনিধি খায়রুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে করেন এনজিও ফোরামের তথ্য বিভাগের প্রধান যোসেফ হালদার।