পানি ওঠায় শরীয়তপুরে ২৫৯টি বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত
বন্যার পানি প্রবেশ করায় শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার ২৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার থেকে শুরু হয়ে পরীক্ষা ৩১ আগস্ট পর্যন্ত চলার কথা ছিল।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত এক সপ্তাহ যাবৎ পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। পদ্মা নদীর তীরবর্তী ৪৮টি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। নড়িয়া উপজেলার ১০৫টি ও জাজিরা উপজেলার ৪০টি বিদ্যালয়ে পানি উঠেছে।
গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় নড়িয়ার সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
নড়িয়া উপজেলার ১৪৩টি ও জাজিরা উপজেলার ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের আগামী ৩১ আগস্ট পর্যন্ত পরীক্ষা চলার কথা। বিদ্যালয়ে বন্যার পানি উঠে যাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পরে ওই বিদ্যালয়গুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘পাঁচ দিন ধরে আমাদের বিদ্যালয়ের ভেতরে পানি প্রবেশ করেছে। ক্লাসরুমের ভেতরে ৩ ফুট পানি। আশপাশের সব গ্রামে বন্যার পানি ঢুকেছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে না। এলেও পানির কারণে তাদের পাঠদান সম্ভব হবে না। পরীক্ষা স্থগিত হওয়ায় সমস্যা হয়ে গেল। সামনে ঈদের ছুটি, কবে পানি নামবে আল্লাহই জানেন।’
জাজিরা উপজেলার পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম বলেন, ‘আশপাশের সব গ্রামে পানি। পানির মধ্যে ঝুঁকি নিয়ে শিশুরা কীভাবে বিদ্যালয়ে আসবে? শ্রেণিকক্ষে পানি থাকায় আমরাও যেতে পারছি না। উপজেলার অধিকাংশ বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে বন্যার পানি থাকায় আমাদের অনুরোধে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।’
নড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলার ১০৫টি বিদ্যালয়ে পানি প্রবেশ করেছে। বিদ্যালয়গুলোতে শিশুরা আসতে পারছে না। পাঠদান কার্যক্রম বন্ধ হওয়ার পথে। বাধ্য হয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, গ্রামে গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। অনেক বিদ্যালয় নিমজ্জিত হয়ে গেছে। শিশুদের যাতায়াতের সমস্যার কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিশুদের বিদ্যালয়ে যাওয়ার পরিবেশ তৈরি হলেই পরীক্ষা নেওয়া হবে।