পানি ওঠায় সীমান্ত হাট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ। পানিতে তলিয়ে গেছে কয়েক শ হেক্টরের আমন খেত।রৌমারী ও রাজীবপুর উপজেলার জিঞ্জিরাম নদী দিয়ে আসা পাহাড়ি ঢলে সীমান্ত হাটের সঙ্গে সংযোগ বাঁশের সেতুটি ভেসে গেছে। সীমান্ত হাটে পানি ওঠায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় গতকাল হাট বসেনি। ভেসে গেছে কৃষকদের অসংখ্য পাটের জাগ।রাজীবপুর ইউএনও মো. কাদের জানান, গত মঙ্গলবার রাতের পাহাড়ি ঢলে সেতু ভেসে যায় এবং হাটে পানি ওঠায় হাট বন্ধ রয়েছে। রৌমারী উপজেলার বকবান্ধা সড়কটি ঢলের স্রোতে ভেঙে যায়।এদিকে ভারতের আসামের গারো পাহাড় থেকে নেমে আসা পানি ধরণী ও জিঞ্জিরাম নদী দিয়ে তীব্র বেগে বইছে। এতে রৌমারী ও রাজীবপুর উপজেলার সীমান্তঘেঁষা ৩০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আলক কুমার সরকার জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার পাঁচটি উপজেলায় এক হাজার ৫৮৬ হেক্টর জমিতে পানি উঠেছে।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমোরসহ জেলার ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ধরলায় বেড়েছে ৩৮ সেন্টিমিটার, তিস্তায় ২৫, ব্রহ্মপুত্র নদে ১৪ এবং দুধকুমোর নদে পানি বেড়েছে ৩০ সেন্টিমিটার।