পানি কমছে, তবু দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের ইসলামপুর উপজেলার আটিমারি গ্রামে কোমরসম পানি। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
জামালপুরের ইসলামপুর উপজেলার আটিমারি গ্রামে কোমরসম পানি। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও জামালপুরের কয়েক জায়গায় বন্যার পানি নামতে শুরু করেছে। তবে মানুষের দুর্ভোগ কমেনি। খাদ্য ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।

এদিকে ফরিদপুরে অনেক গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় আছে।    

প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

নওগাঁ:ছোট যমুনা নদীর বাঁধ ও আত্রাই নদের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত এলাকাগুলো থেকে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। জেলার আত্রাই, রানীনগর ও মান্দা উপজেলার কয়েক শ বাড়িঘর এখনো পানির নিচে। নলকূপ ডুবে আছে। খাওয়ার পানির সংকটে ডায়রিয়াসহ নানা রোগব্যাধি দেখা দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সীমিত আকারে চাল ও শুকনো খাবার সরবরাহ করা হলেও বিশুদ্ধ পানি ও স্যালাইন সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ করেছে দুর্গত মানুষ।

সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেন বলেন, বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় তিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়তি চিকিৎসক কাজ করছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহেদী-উল-সহিদ বলেন, তিন উপজেলায় ৩৮ মেট্রিক টন চাল ও ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সত্যব্রত সাহা বলেন, আত্রাই ও রানীনগর উপজেলায় ১ হাজার ৬৯০ হেক্টর জমির রোপা আমন, ১১০ হেক্টর জমির আউশ তলিয়ে গেছে। মান্দায় প্রায় এক হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে রয়েছে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি কমতে শুরু করেছে। তবে নদী-তীরবর্তী সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার প্রায় ৩৫টি ইউনিয়নের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি। জেলা প্রশাসক বিল্লাল হোসেন বলেন, দুর্গত ব্যক্তিদের জন্য নতুন করে ২ লাখ ২৫ হাজার টাকা এবং ৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

জামালপুর ও সরিষাবাড়ী: জেলারইসলামপুরে বন্যাকবলিত ছয়টি ইউনিয়নে যমুনার পানি নামতে শুরু করেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে ১১ সেন্টিমিটার পানি কমে গতকাল দুপুরে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও উঁচু রাস্তার ওপর খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ। সেখানে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। বন্যাকবলিতদের মধ্যে এখনো তেমন কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি।

স্থানীয়রা জানান, শনিবার থেকে যমুনার পানি বেড়ে ওই উপজেলার নোয়ারপাড়া, চিনাডুলি, সাপধরী, কুলকান্দি, পাথর্শী ও বেলগাছা ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়। গতকাল সকাল থেকে আজমবাগ, দক্ষিণ চিনাডুলী, ডেপরাইপ্যাচ, ঝুনকিপাড়া, খামারিয়াপাড়া, খালেমারি, বামনা, শিংভাঙ্গা, পশ্চিম বামনা, আমতলী ও দেলিরপাড় গ্রামের বসতবাড়ি থেকে পানি কিছুটা নেমে যায়।

ইসলামপুরের ইউএনও মাসূমুর রহমান বলেন, ছয় ইউনিয়নে ৩৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সেগুলো বিতরণ করা হচ্ছে।

সরিষাবাড়ীতে গত চার দিনে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। নতুন নতুন এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ৩০টি গ্রামের ১০ হাজার পরিবার দুর্ভোগে পড়েছে। ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ আছে।  উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, বন্যায় ১৩০০ হেক্টর জমির রোপা আমন ও সবজিখেত তলিয়ে গেছে। 

বগুড়া: জেলার সারিয়াকান্দীতে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার কমে পানি বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এখনো সারিয়াকান্দী, ধুনট ও সোনাতলা উপজেলার আটটি ইউনিয়নের ৫৫ হাজার ৫২০ জন মানুষ পানিবন্দী অবস্থায় আছে। জলমগ্ন হওয়ায় ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ আছে। প্রায় আড়াই হাজার হেক্টর জমির ফসল তলিয়ে আছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম বলেন, গতকাল পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় ৫০ মেট্রিক টন চাল ও পৌনে তিন লাখ টাকার শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

গাইবান্ধা: যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কমতে শুরু করায় গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে করতোয়া নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

ফরিদপুর: জেলায় পদ্মা নদীর পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ফরিদপুর সদরের দুটি ও চরভদ্রাসনের চারটি ইউনিয়নের অর্ধশত গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সদরের চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তুহিনুর রহমান বলেন, ইউনিয়নের ২৫টি গ্রামের তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডিক্রিরচরের ইউপি চেয়ারম্যান সাদিকুজ্জামান বলেন, ইউনিয়নের পাঁচটি পরিবারের দুই হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।