পানি কমছে, ভাঙন বাড়ছে ডুবে আছে রাস্তাঘাট
কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করলেও অধিকাংশ গ্রামীণ সড়কগুলো এখনো পানিতে ডুবে রয়েছে। এতে ওই সব এলাকার মানুষ একদিকে যেমন নৌকায়ও চলাচল করতে পারছে না, তেমনি হেঁটে বা যানবাহনেও চলাচল করতে পারছে না। অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থাতেই এখনো দিন কাটছে এসব এলাকার বাসিন্দাদের।
সদর উপজেলার ঘোগাদহ ও ভোগডাঙ্গা ইউনিয়নের মাঝ দিয়ে গেছে টেংরার ভিটা ও ওয়াপদা পাড়া গ্রামের কাঁচা সড়ক। সোজা পূর্ব-পশ্চিমে চলে গেছে রাস্তাটি। বন্যার জমে থাকা পানিতে সড়কটি ডুবে আছে। লোকজন কলার ভেলায় চলাচল করছে।
গত মঙ্গলবার সকালে টেংরার ভিটা ও ওয়াপদা পাড়া গ্রামে গিয়ে দেখা যায়, ঘোগাদহ ঘাট দিয়ে ঢোকা দুধকুমার নদের পানিতে ডুবে আছে পুরো এলাকা। দুই গ্রামের সংযোগকারী সড়কের কোথাও কোথাও সামান্য অংশ জেগে আছে। সড়কটির পাশেই জমে থাকা পানিতে ডিঙি ও কলার ভেলা ভাসিয়ে খেলছে শিশুরা। স্থানীয় রাজারহাট দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র মাসুদ রানা। সেও বন্ধুদের সঙ্গে খেলছিল। বলল, ‘এক সপ্তা আগে বানের পানি আসি ভরি গেইছে। স্কুল যাবার পাই না। তাই পানিত খেলবার নাগছি।’
প্রথম আলো চরের পূর্ব-পশ্চিমে বিস্তৃত একমাত্র কাঁচা সড়কটি পানিতে ডুবে আছে। দুধকুমার ও শংকোশ নদের পানিতে ডুবে আছে রাস্তাটি।
ঘোগাদহ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ‘আমার ইউনিয়নে পাঁচ-ছয়টি কাঁচা সড়ক ডুবে আছে। এসব এলাকায় নৌকা না থাকায় লোকজন কলার ভুড়া (ভেলা) বানিয়ে চলাচল করছে।’ খুব বেশি পানি ওঠায় এই এলাকায় নৌকায় চলাচলের ব্যবস্থা নেই বলে স্থানীয় ব্যক্তিরা জানান। কিন্তু এবার প্লাবনের পানি না নামায় সমস্যা তৈরি হয়েছে।
বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান খোকা মোল্লা বলেন, ‘আমার ইউনিয়নের মানুষ বাস্তবিকই বিপদে পড়েছে। চতুর্দিকে পানি।’
রৌমারী উপজেলার সায়দাবাদ থেকে বকবান্দা, কর্তিমারী থেকে বরাইবাড়ী, চাতকাবাড়ী থেকে গোয়ালগ্রাম সড়কে পানি উঠেছে। এতে সদর ও যাদুরচর ইউনিয়নের গ্রামগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। স্থানীয় সিরাজুল ইসলাম, গোলাম মোস্তফা, চাঁদ মিয়া প্রমুখ বলেন, বন্যার পানি পুরোপুরি না নামা পর্যন্ত এ পানি সরবে না। দু-তিন মাস এভাবে থাকতে হবে। এ সময়টায় কলার ভেলাই ভরসা। যাদুরচর ইউনিয়নের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নদীতে এখনো পানি বেশি। আর গ্রামীণ রাস্তাগুলোও অপেক্ষাকৃত নিচু। তাই পানি নামতে সময় লাগছে।
কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানি কমতে থাকার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে তীব্র ভাঙন দেখা দিয়েছে।
গত তিন দিনে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার আটটি পয়েন্টে নদীভাঙন দেখা দিয়েছে। ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট, বলদিয়া, পাইকেরছড়া, বল্লভেরখাস এবং নাগেশ্বরীর বেরুবাড়ী, বামনডাঙ্গা, কঢ়াকাটা ও আন্ধারীরঝাড় ইউনিয়নে নদীভাঙন দেখা দিয়েছে।
বঙ্গসোনাহাট ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আজিজ মিয়া বলেন, পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তীব্র স্রোতে গত চার দিনে দুধকুমার নদের ভাঙনে গনারকুটি ও চরবলদিয়ায় দেড় শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এ ছাড়া বঙ্গসোনাহাট ব্রিজের পশ্চিম অংশেও ভাঙন দেখা দিয়েছে।
কালিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম বলেন, দুধকুমার ও গঙ্গাধর নদীর ভাঙনে এখানে ইউনিয়ন পরিষদ, মাদ্রাসা, হাটবাজার হুমকির মুখে পড়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল মোত্তালেব মোল্লা বলেন, উজানের ঢল ও বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, রৌমারী, রাজারহাট, ফুলবাড়ী ও রাজীবপুরের নদীতীরের ৪২ ইউনিয়নের গ্রামীণ সড়কগুলো এখনো পানিতে ডুবে রয়েছে। স্থানীয় চেয়ারম্যানদের এসব সড়কের তালিকা দিতে বলা হয়েছে। পানি নেমে যাওয়ার পর রাস্তাগুলো সংস্কার করতে হবে।