পানি কমছে, সংরক্ষিত ট্যাংকে ময়লা পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদিন বৃষ্টি না হওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতরে জমে থাকা পানি কমে আসছে। তবে পুরোপুরি না কমায় অনেক দোকান এবং ছোট ছোট শিল্পকারখানা এখনো বন্ধ আছে। বিভিন্ন আবাসিক ভবনের পানির সংরক্ষিত ট্যাংকে ময়লা পানি ঢুকে পড়ায় নতুন বিপদও দেখা দিয়েছে। পানি ফুটিয়েও পান করা যাচ্ছে না। গতকাল রোববার দুপুরের দিকে বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, বেশির ভাগ এলাকায় পানি কমলেও বাঁধের নিচু জায়গা বিশেষ করে মোগলপাড়া, আদর্শপাড়া, সারুলিয়া, ডগাইর, দেইলা, গোবিন্দপুর, আদর্শনগর, কান্দাপাড়া, রসুলপুর, দৌলতপুর, মুন্সিবাগ প্রভৃতি স্থানে এখনো হাঁটুর ওপরে পানি রয়েছে। মোগলপাড়ার বস্তিবাসী আমিনউদ্দিন জানান, ঘরের পানি থাকায় গত রাতেও তাঁর মতো অনেক বাসিন্দা প্রায় বসেই রাত কাটিয়েছেন।

মৃধাবাড়ির কাজিরগাঁও এলাকার বাসিন্দা খোকন মিয়া বলেন, গতকাল সকালের দিকে এলাকায় হাঁটুপানি ছিল। রাস্তায় বড় বড় গর্ত থাকায় রিকশাসহ যানবাহন চলাচল করতে পারেনি। সকালে একটি রিকশা গর্তে পড়ে উল্টে যায়।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত মহাপরিচালক সুনীল রঞ্জন দেবরায় বলেন, পানি নামানোর জন্য তাঁদের দলগুলো বিভিন্ন স্থানে কাজ করছে। যেসব স্থানে ময়লা-আবর্জনা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেসব স্থান পরিষ্কার করা হচ্ছে। বৃষ্টি না হলে পানি সরতে খুব বেশি সময় লাগবে না। খাবার পানি দূষিত: ২৩ মে একটানা ভারী বৃষ্টি হওয়ার পর মৃধাবাড়িসহ আশপাশের প্রায় সব এলাকায় আবাসিক ভবনের সংরক্ষিত ট্যাংকে ময়লা পানি ঢুকে পড়ে। মৃধাবাড়ির ‘সুইজারল্যান্ড টাওয়ার’-এর বাসিন্দারা জানান, ট্যাংকের পানির সঙ্গে বাইরের পানি মিশে যাওয়ায় ওই পানি পান দূরে থাক, ব্যবহারেরও অযোগ্য হয়ে পড়ে।

দেইলার ১১৩/৩-বির গৃহিণী আলম আরা বলেন, ময়লা পানির সঙ্গে পোকামাকড়ও ঢুকে পড়েছিল। গতকাল ট্যাংক পরিষ্কার করিয়েছেন। তার পরও শঙ্কায় আছেন, আবার বৃষ্টি হলে ময়লা পানি ঢুকে পড়বে। এলাকার কোনো কোনো বাড়িতে বাইরের পানি না ঢোকার জন্য প্রবেশপথে ছোট দেয়াল দেওয়া হয়েছে।

জানতে চাইলে ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুনবার্সন ও উন্নয়ন) এ কে এম সহিদউদ্দিন বলেন, ডিএনডি বাঁধের ভেতরে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সম্ভব হয়নি। পাউবোর সহায়তায় ভবিষ্যতে এটা হতে পারে। বাড়িঘরের ট্যাংকে ময়লা পানি ঢুকে যাওয়ায় বড় ধরনের সমস্যা হচ্ছে বলে স্বীকার করেন তিনি।

 দোকানপাট ও কারখানা বন্ধ: কাজলা, শেখদীসহ বাঁধের ভেতরের অনেক এলাকায় পানি জমে থাকায় দোকানপাট বন্ধ রাখা হয়েছে। মুদি দোকানসহ বিভিন্ন দোকানঘরে পণ্যের বস্তা ও মালামাল রাখা হয়েছে ইটের ওপরে। তার পরও সব মালামাল রক্ষা পায়নি বলে জানিয়েছেন দোকানিরা।

এদিকে এলাকার স্যান্ডেল, খেলনার ছোট ছোট কারখানা, রিকশা ও মোটর গ্যারেজ এমনকি মিষ্টি বানানোর ঘরগুলোও গত তিন দিন বন্ধ রয়েছে।