পানি কমলেই সক্রিয় হয়ে ওঠেন দখলদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি পৌরসভা কার্যালয়ের কাছেই কাপ্তাই হ্রদের পাড় দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। গতকাল বিকেলে তোলা ছবি l সুপ্রিয় চাকমা
রাঙামাটি পৌরসভা কার্যালয়ের কাছেই কাপ্তাই হ্রদের পাড় দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। গতকাল বিকেলে তোলা ছবি l সুপ্রিয় চাকমা

প্রতিবছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত কাপ্তাই হ্রদের পানি সর্বনিম্ন পর্যায়ে থাকে। আর ঠিক এই সময়টাতেই হ্রদের পাড় দখল করে গড়ে তোলা হয় অবৈধ বিভিন্ন স্থাপনা। সাত বছর ধরেই এ অবস্থা চলছে। দখলের কারণে ছোট হয়ে আসছে কাপ্তাই হ্রদের সীমানা।
রাঙামাটি শহরের বনরূপা, কাঁঠালতলী, বাস টার্মিনাল, পুরাতন বাসস্ট্যান্ড, রিজার্ভ বাজার, পুলিশ লাইন, তবলছড়ি, আসাম বস্তি, পাবলিক হেলথ এলাকা, কলেজগেট, কৃষি সম্প্রসারণ কার্যালয় এলাকা, হাসপাতাল এলাকাসহ অন্তত ২০টি স্থানের কোথাও দেয়াল তুলে ঘর নির্মাণ করা হয়েছে। কোথাও গাছ বা বাঁশের খুঁটি দিয়ে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে।
রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী বলেন, হ্রদের পাড় দখলের কারণে রাঙামাটির যে প্রাকৃতিক সৌন্দর্য, তা হারিয়ে যাচ্ছে। পর্যটন শহর হিসেবে রাঙামাটিকে বাঁচিয়ে রাখতে প্রশাসনের উচ্ছেদ অভিযান চালানো দরকার। পৌরসভা কর্তৃক্ষ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করা হবে।
হ্রদের পাড়ের বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জুন-জুলাই মাস থেকে হ্রদের পানি বাড়তে থাকে। ডিসেম্বর থেকে পানি কমতে শুরু করে। পানি শুকিয়ে গেলেই দখলদারেরা সক্রিয় হয়ে ওঠেন। প্রতিবছর এই দখলপ্রবণতা বাড়ছে।
পুলিশ লাইন এলাকার বাসিন্দা মো. সালাউদ্দিন, মো. আরমান আলী বলেন, হ্রদের তীরে যাঁরা বসবাস করেন, তাঁরা সবাই দিনমজুর, ছোট ব্যবসায়ী বা স্বল্প আয়ের লোকজন। তাঁদের জায়গা কেনার সামর্থ্য নেই। তাই হ্রদের পাড়ে গাছ-বাঁশের খুঁটি গেড়ে বাড়ি তৈরি করেন। তবে কিছু সচ্ছল ব্যক্তিও হ্রদের পাড় দখল করে বাড়ি নির্মাণ করে ভাড়া দেন বলে জানান তাঁরা।
রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকার হ্রদের তীরে দালান নির্মাণ শুরু করেছেন ব্যবসায়ী বিকাশ দে। তাঁর দাবি, দালান নির্মাণের জন্য ২০১০ সালে রাঙামাটি পৌরসভার অনুমতি নিয়েছেন তিনি।
এ বিষয়ে রাঙামাটি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, হ্রদের পাড়ের যেসব স্থানে পানি ওঠে, সেগুলো খাস জায়গা। ওই সব জায়গায় বাড়ি বা দালান নির্মাণের অনুমতি দেওয়া হয় না। অনেকে বন্দোবস্ত জায়গার অনুমতি দেখিয়ে খাস জায়গা
অর্থাৎ হ্রদের পাড় দখল করে দালান নির্মাণ করেন।