পানি কমলেও ঘরে ফিরতে পারছে না মানুষ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অন্তারমোড় বাঁধে বন্যাদুর্গত প্রায় আড়াই শ পরিবার গবাদিপশুসহ আশ্রয় নিয়েছে। বন্যার পানি কমলেও এসব মানুষের দুর্ভোগ কমেনি। বসতঘরে পানি থাকায় এখনো সেখানে ফিরতে পারছে না তারা।
অন্তারমোড় বাঁধটির বেশির ভাগ অংশ ছোটভাকলা ইউনিয়নে ও বাকি অংশ দেবগ্রাম ইউনিয়নে পড়েছে। বাঁধের পশ্চিম পাশে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন। বাঁধে দিনে আড়াই শ পরিবার থাকলেও রাতে শ খানেক পরিবার সেখানে থাকে।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বাঁধের পাশে টিন দিয়ে ছাপরা ও পাটকাঠি দিয়ে বেড়ার ঘর তৈরি করা হয়েছে। ভেতরে কাঠের চৌকি বসানো। ঘরের সামনে বাঁশের খুঁটির সঙ্গে একটি ছাগল ও একটি ষাঁড় বেঁধে রাখা। এটি গৃহবধূ শাহানা বেগমের আশ্রয়স্থল। তিনি বলেন, ‘আইজ ১৫-১৬ দিন ধইরা গরু-ছাগল ও পোলাপান লইয়া বাঁধেই পইড়া আছি। অহন পর্যন্ত মেম্বার-চেয়ারম্যান কেউ আসেনি। কয়দিন আগে টিএনও সাহেব, উপজেলা চেয়ারম্যান আইসা ৫০০ কইরা টাহা দিয়া গেছে। পানি কমলেও বাড়িতে যাওয়া যাইবে না। অহনো পানি আছে আর গর্ত হইয়া আছে।’
একটু সামনে এগোতেই দেখা যায় বাঁধের পাশে গড়ে তোলা ছোট্ট খুপরিঘরের সামনে রাস্তায় বসে ভাত খাচ্ছেন এক ব্যক্তি। তাঁর নাম শফিক শেখ। তিনি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাঁচরন্দ থেকে এসে ১২ দিন আগে এখানে আশ্রয় নিয়েছেন। তিনি স্ত্রী, দেড় মাস বয়সী কন্যাসন্তান, একটি গরু ও দুটি ছাগল নিয়ে এখানে দিন কাটাচ্ছেন।
কয়েক শ গজ সামনে পলিথিন দিয়ে তৈরি করা ঘরের ভেতর টিনের তৈরি বিশেষ চুলায় রান্না করছেন দেবগ্রাম ইউনিয়নের ছামাদ সরদারের স্ত্রী শিরিনা খাতুন। প্রায় দুই সপ্তাহ আগে তাঁদের বাড়িঘর পানিতে তলিয়ে গেলে তারা বাঁধে আশ্রয় নেন। স্বামী, তিন মেয়ে, একটি গরু ও একটি ছাগল নিয়ে এক কক্ষের ভেতর দিন পার করছেন তাঁরা। তিনি বলেন, বড় সমস্যায় পড়তে হচ্ছে শৌচাগারের জন্য। রাস্তার পাশে কয়েকটি শৌচাগার থাকলেও প্রয়োজনের তুলনায় তা কম।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতর আলী সরদার বলেন, ‘বন্যায় সম্পূর্ণ ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। যে চাল ও টাকা পেয়েছি তা ভাগ করে বিভিন্ন স্থানে দিয়েছি। বাঁধে অন্য ইউনিয়নের লোকজন থাকায় সেখানে গেলে সমস্যা হতে পারে বলে আর যাইনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, উপজেলায় বন্যা ও ভাঙনকবলিত মানুষের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে ৭৫ মেট্রিক টন চাল ও নগদ ৩ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে বাঁধে আশ্রয় নেওয়া প্রায় ৯০টি পরিবারকে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।
এদিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাচরন্দ গ্রামের বাসিন্দা আলেক সরদার জানান, প্রায় ১৪-১৫ দিন ধরে রাস্তার ওপর ঘর তুলে কোনোভাবে রাত পার করছেন। তাঁর দুটি গরু ও পাঁচটি ছাগল নিয়ে খুব বিপদে পড়েছেন। মাঠ-খেত সব পদ্মার পানিতে তলিয়ে গেছে। এতে করে গবাদিপশুর খাবার নিয়ে খুব বিপদের মধ্যে আছেন।
স্থানীয় বাসিন্দা সহিতন বেগম জানান, বাড়িতে কোমর পর্যন্ত পানি ওঠায় রাস্তায় আশ্রয় নিয়েছি। সন্তান ও গবাদিপশু নিয়ে খুব বিপদে আছি। সাহায্য সহযোগিতা তেমন পাচ্ছি না। শুধু একদিন এক কেজি চিড়া, দুই কেজি আটা, একটি মোমবাতি, একটি ম্যাচ ও এক প্যাকেট বিস্কুট পেয়েছি। তিনি বলেন, মানুষের খাবার তো কমবেশি পাওয়া যায় কিন্তু গরু-ছাগলের খাবার তো কেউ দেয় না।
রাস্তায় বসবাসকারী আরেক বাসিন্দা মাহাতাব প্রামাণিক জানান, রাস্তায় বরাট ও দেবগ্রাম ইউনিয়নের প্রায় তিন শ পরিবার বাস করছি। রাত জেগে এলাকায় পাহারা দেওয়া হয় চুরি-ডাকাতির হাত থেকে গবাদিপশু রক্ষার জন্য। একে তো আতঙ্ক আবার খাদ্য সংকট। সব মিলিয়ে খুব বিপাকে পড়েছি। তবে কয়েক দিন আগে প্রশাসনের লোকজন ও চেয়ারম্যান এসে পাঁচ শ টাকা দিয়ে গেছে।
বরাট ইউপি চেয়ারম্যান শেখ মো. মনিরুজ্জামান বলেন, বন্যা দুর্গত মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। কিন্তু দুর্গতদের হাতে তেমন কোনো কাজ নেই। আবার ফসল তলিয়ে গেছে। তাই সাহায্য সহযোগিতার পরিমাণ আরও বাড়ানো দরকার।