
জামালপুরে দুই দিন ধরে বন্যার পানি কমলেও মানুষের দুর্ভোগ কমেনি। বিভিন্ন স্থানে লোকজন ঘরে ফেরা শুরু করলেও খাবার পাচ্ছেন না। ফলে ত্রাণের আশায় ভিড় করছেন তাঁরা। গতকাল মঙ্গলবার সরেজমিনে এই চিত্র দেখা গেছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জামালপুর কার্যালয়ের কর্মকর্তা আবদুল মান্নান বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে ২৪ সেন্টিমিটার পানি কমে গতকাল বিকেল পাঁচটার দিকে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
গতকাল বেলা ১১টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার হলকারচর বাজারে দেখা হয় আছিয়া বেগমের (৮০) সঙ্গে। তাঁর হাতে লাঠি। কপালে দুশ্চিন্তার ভাঁজ। প্রখর রোদের মধ্যে তাঁর মতো বয়সী আরও অনেক নারী প্রতীক্ষায় আছেন। ফ্যাল ফ্যাল চোখে তাকাচ্ছেন—এই বুঝি কেউ ত্রাণ নিয়ে এলেন! সেখানে মমতা বেগম, সাবিনা বেগম, রাবিয়া খাতুন, কল্পনা বেগমসহ আরও ৫০-৬০ জন নারী-পুরুষ জড়ো হয়েছেন। আগের দিন ওই স্থানে সরকারি লোকজন ত্রাণ দিয়েছিলেন। তাই ত্রাণের আশায় গতকালও সেখানে অপেক্ষা করেন তাঁরা। কিন্তু ত্রাণ আর আসেনি।
শুকনো মুখে আছিয়া বেগম বলেন, ‘টানা ১২ দিন বানের মধ্যে ছিলাম। ঘরে খাওন নাই। কালকে (সোমবার) ইউনিয়ন বোর্ড (ইউনিয়ন পরিষদ) থাইকা একটু খিচুড়ি দিছিল। এটা খাইয়া এখনো আছি। এখন আমাগো কান্দন ছাড়া উপায় নাই। বড় কষ্ট।’
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়ানগঞ্জের চুকাইবাড়ী, হলকারচর, বাহাদুরাবাদ এবং ইসলামপুর উপজেলার চিনাডুলী, মলমগঞ্জ, পাথর্শী, বলিয়াদহ, পশ্চিম বলিয়াদহ, পূর্ব বলিয়াদহ, বেলগাছার জারুলতলা, কাছিমা, কুলকান্দির মাঝিপাড়া, আটিয়ামারিসহ বন্যাকবলিত ২০টির মতো গ্রামে যান এই প্রতিনিধি। দেখা যায়, পানি কমতে থাকায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট জেগে উঠতে শুরু করেছে। বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া লোকজন ঘরে ফিরতে শুরু করেছেন। বেশির ভাগ ঘর তলিয়ে যাওয়ায় ঘরের ভেতর বালুর চর পড়ে রয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও ঘরের ভেতরে থাকা বালু ও কাদা সরাতে ব্যস্ত সময় পার করছেন লোকজন। সড়কপথে সব যোগাযোগব্যবস্থা এখনো বন্ধ রয়েছে।
ইসলামপুরের বলিয়াদহ গ্রামের দুদু শেখ বলেন, ‘এমন বান আগে দেখি নাই। বসতঘর ও মাঠের সম্পদ সব বানে ভাসায় নিইল। এখন আমরা নিঃস্ব। ঘরে খাওন নাই, মাঠের সম্পদও নষ্ট হইছে। এখন আমাগো উপায় কী হবে?’
চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম বলেন, ‘প্রতিবছর নদীভাঙন ও বন্যাকবলিত হয়ে এসব অঞ্চলের মানুষ এখন সর্বস্বান্ত। ১৯৮৮ সালের বন্যার চেয়েও বেশি ভয়াবহ বন্যা হয়েছে এবার। প্রায় দুই সপ্তাহ ধরে কোনো পরিবারের আয়ের ব্যবস্থা নাই। এখন ভেঙে যাওয়া ঘরবাড়ি জেগে উঠতে শুরু হয়েছে। মেরামত করার মতো টাকা তাদের কাছে নাই। সরকারিভাবে অল্প সামান্য ত্রাণসামগ্রী দিয়ে তাদের দিন চলছে না। সরকারি ও বেসরকারিভাবে তাদের আর্থিক সাহায্যের প্রয়োজন।’
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন বলেন, ‘এখনো দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ চলছে। বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতির পরিমাণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তা ছাড়া দ্রুত সময়ের মধ্যে ভেঙে যাওয়া রাস্তাঘাট মেরামতের ব্যবস্থাও করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তায় সরকারি বরাদ্দ পেলে অবশ্যই তাদের সাহায্য করা হবে।’