পানি কমায় ঘাটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীতে পানি কমে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ঘাটগুলো উঁচু ও খাড়া হয়ে আছে। এতে ফেরিতে যানবাহন ওঠানামায় বিঘ্ন ঘটছে। অনেক সময় যানবাহন বিকল হয়ে জট তৈরি হচ্ছে। এর পাশাপাশি ফেরিস্বল্পতার কারণেও যানজট দেখা দিচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন চালক ও যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, পদ্মায় পানি কমে যাওয়ায় দৌলতদিয়ার চারটি ঘাটের র্যা ম খাড়া হয়ে ফেরিতে গাড়ি ওঠানামায় সমস্যা সৃষ্টি হচ্ছে। আগের তুলনায় প্রায় দ্বিগুণ সময় লাগছে। এ ছাড়া ফেরি থেকে নামার পর যানবাহন সড়কে উঠতে গিয়ে বিকল হয়ে পড়ছে। আবার কোনো কোনো সময় পণ্যবাহী গাড়ি ওপরে উঠতে গিয়ে উল্টে যাচ্ছে। এর ফলে ঘাটে যানজট তৈরি হচ্ছে। এই নৌপথে কয়েক মাস আগে ছোট-বড় ১৯টি ফেরি চলাচল করত। যান্ত্রিক ত্রুটির কারণে তিনটি রো রো (বড়) ফেরিকে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে মেরামতের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া প্রায় আট মাস ধরে ইউটিলিটি ফেরি মাধবীলতা পাটুরিয়ার ভাসমান কারখানায় মধুমতীতে রাখা হয়েছে। বাকি ১৫টি ফেরি চলাচল করছে।
গত বৃহস্পতিবার সকালে দেখা যায়, দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটের ফেরি থেকে নামার পর একটি পাইপবোঝাই ট্রাক উল্টে আছে। এতে ওই ঘাট দিয়ে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। ট্রাকটির চালক রবিউল মোল্যা বলেন, ‘ফেরি থেকে নামার পর ওপরে উঠতে গিয়ে ঘাট খাড়া হওয়ায় ট্রাকটি উল্টে গেছে। অল্পের জন্য নদীতে পড়িনি। এক ঘণ্টা চেষ্টা করেও ট্রাকটি তুলতে পারিনি। পরে বিআইডব্লিউটিসির রেকার দিয়ে ট্রাকটি টেনে ওপরে তোলা হয়েছে।’
এ সময় ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) পর্যন্ত প্রায় তিন কিলোমিটার লম্বা লাইনে যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান, পণ্যবাহীসহ বিভিন্ন যানবাহন আটকে থাকে। ঝিনাইদহ থেকে সুতলিবোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রামে যাচ্ছেন চালক জিন্দার আলী। দৌলতদিয়া ক্যানাল ঘাটের কাছে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘ঘাটে এসেছি ২৪ ঘণ্টা হয়ে গেছে। এখনো ফেরি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আটকে আছি। অন্তত ২০০ ট্রাক মহাসড়কে আটকে আছে। অন্য যানবাহনের সারি তো আছেই।’
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘাট খাড়া হয়ে সমস্যা দেখা দেওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) বিষয়টি জানানো হয়েছে। কর্তৃপক্ষ শিগগিরই কাজ শুরু করবে বলে আশ্বাস দিয়েছে। ফেরিস্বল্পতার বিষয়ে তিনি বলেন, ডকইয়ার্ড থেকে একটি রো রো ফেরি শিগগিরই এখানে আসবে।