পানি ছেড়ে লোকালয়ে উঠে আসছে শামুক!
‘একসময় বাড়ির পোলাপাইনরা খাল-বিলে নাইমা ডুইবা ডুইবা হামুক ধইরা আনত। অহনে হেই হামুক আর ধরতে পানিত নামতে অয় না। হাইট্টা হাইট্টা বাড়ি আইয়া পড়ে। শুধু বাড়িতই না, ঘরেও ডুইক্কা যায়। গাছের উপরে গিয়া বইয়া থাহে। তাইজ্জব ব্যাপার!’ কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকায় খাল-বিল থেকে দলে দলে শামুক ডাঙায় উঠে আসার দৃশ্য দেখে মধ্যবয়সী জেসমিন বেগম এমন বিস্ময় প্রকাশ করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কিছুদিন ধরে চণ্ডীবের এলাকার খাল-বিলসংলগ্ন কয়েক কিলোমিটার এলাকাজুড়ে শামুক লোকালয়ে উঠে আসছে। এসব শামুক রাতে প্রায় কোয়ার্টার কিলোমিটার হেঁটে ঘরের জানালা, দেয়াল, চাল ও গাছে আশ্রয় নিচ্ছে। গাছে গাছে শামুক বসে থাকার দৃশ্য ছোটদের আনন্দ দিলেও বিস্ময় জাগিয়েছে বড়দের। পরিবেশবিদেরা বলছেন, এটি প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস। আবার কেউ কেউ বলছেন, পানির দূষণ ও পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় এমন ভারসাম্যহীনতা দেখা দিতে পারে।দলে দলে শামুক ডাঙায় উঠে আসার কারণ খুঁজে বের করতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। গত রোববার সকালে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে প্রশাসনের একটি দল চণ্ডীবের এলাকা পরিদর্শন করেছে। চণ্ডীবের মধ্যপাড়ার রুবি বেগম বলেন, ‘দুই সপ্তাহ ধইরা বাড়িঘরে হামুক আর হামুক। সকালে ঘরের দেয়াল থাইক্কা শ শ হামুক ঝাড়ু দিয়া মারতে হয়। কোনো কোনো সময় বিছানাতেও চইলা আসে।’চণ্ডীবের এলাকার স্থানীয় বাসিন্দা মো. আলাল উদ্দিন বলেন, যে বিল থেকে শামুক উঠে আসছে, মেঘনা নদীর সঙ্গে সে বিলটির সরাসরি যোগাযোগ ছিল। এখানে একসময় প্রচুর মাছ পাওয়া যেত। মেঘনা আর এই বিলের সংযোগস্থলে সড়কপথ তৈরি করে মেঘনা নদীর ওপর বাংলাদেশ-যুক্তরাজ্য মৈত্রী সেতু তৈরি করা হয়। এত বড় বিলে শুধু একটি কালভার্ট তৈরি করে সংযোগ রক্ষা করা হয়। এতে বিলটি মাছশূন্য হয়ে পড়ে। আর এখন বিলের চারপাশ মাটি দিয়ে ভরাট করা হচ্ছে।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মর্যাস্য ব্যবস্থাপনা বিভাগের প্রবীণ শিক্ষক মো. আবদুল ওহাব বলেন, ‘শামুক সাধারণত পানির তলদেশে মাটির সঙ্গে মিশে থাকে। ভূ-ত্বকের মৃদু কম্পন বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস হয়তো শামুকের কাছে ধরা পড়েছে, যা থেকে বাঁচতে ওরা নিজ আবাসস্থল ত্যাগ করছে। কয়েক দিন ধরে উচ্চ তাপমাত্রার কারণে এবং কৃষিজমিতে কীটনাশক প্রয়োগের ফলেও শামুকের খাদ্যশৃঙ্খলে বিপর্যয় দেখা দিতে পারে। এ জন্য যেখান থেকে শামুক উঠে আসছে, সেখানকার পানি ও দ্রবীভূত অক্সিজেন পরীক্ষা করলে বিস্তারিত ধারণা পাওয়া যাবে।’এ ব্যাপারে জাতীয় অধ্যাপক এবং মর্যাস্য ও জীববৈচিত্র্য-বিশেষজ্ঞ এ কে এম আমিনুল হক প্রথম আলোকে বলেন, এ ধরনের খবর বাংলাদেশে এর আগে কোথাও শোনা যায়নি। পানির দূষণ, পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাওয়াসহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এমন ভারসাম্যহীনতা তৈরি হতে পারে।ভৈরব উপজেলা জ্যেষ্ঠ মর্যাস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এর আগে ভৈরবে এমনটি আর হয়নি। পানির নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তিনি জানান, পানিতে তেমন কিছু পাওয়া যায়নি। তবে ওই এলাকায় জলজ পরিবেশে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।