
যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় যশোর-খুলনা মহাসড়ক পানি জমে দেবে গেছে। এতে পাঁচ দিন ধরে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দুই কিলোমিটারজুড়ে সৃষ্টি হচ্ছে প্রচণ্ড যানজট।
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কের প্রায় এক হাজার ফুট অংশে পানি উঠেছে। এর ওপর দিয়ে গাড়ি চলায় বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে গেছে। ভাঙা অংশে ইট ফেলে সড়কটি চালু রাখার চেষ্টা চলছে। পাশাপাশি পানি আসা বন্ধ করতে পলিথিনের বস্তায় খোয়া ভরে মহাসড়কের পশ্চিম পাশে ফেলা হয়েছে। ভাঙা অংশে এসে যানবাহন হেলেদুলে পার হচ্ছে। সেখানে দুই পাশে প্রায় দুই কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়েছে।
এলাকার কয়েকজন বলেন, যশোর-খুলনা মহাসড়কের ওই অংশ কিছুটা নিচু। তা ছাড়া দুই পাশে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে তিনটি শিল্পপ্রতিষ্ঠান। সেগুলোর কারণে এলাকার পানি ঠিকমতো সরতে পারছে না। এই অবস্থায় ৯, ১০ ও ২১ আগস্টের বৃষ্টিতে মহাসড়কটির প্রায় এক হাজার ফুট অংশে পানি উঠে যায়। এর মধ্যে ২০০ ফুট অংশ দেবে গেছে। গত সোমবার থেকে ভাঙা অংশ দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার তা প্রকট আকার ধারণ করে। এ স্থানে এখন পর্যন্ত ১০টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে।
চেঙ্গুটিয়া গ্রামের আবদুল মজিদ বলেন, মহাসড়কের ওই জায়গায় একটি কালভার্ট আছে। কিন্তু কারখানা তৈরির কারণে কালভার্টটি দিয়ে ঠিকমতো পানি সরছে না। তা ছাড়া কারখানার ছাই মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে। এতে পানিনিষ্কাশন ব্যাহত হচ্ছে।
খুলনার ফুলতলা মহিলা কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘জরুরি কাজে যশোর গিয়েছিলাম। কিন্তু মহাসড়কের ওই অংশ পার হতেই আমার দুই ঘণ্টা লেগে গেছে।’
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মেহেদি ইকবাল বলেন, ওই অংশে ইট ফেলে মহাসড়কটি সচল রাখার চেষ্টা চলছে। কিন্তু পানি ও যানবাহনের চাকায় তা দেবে যাচ্ছে। পানি না সরলে বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না।