পানি জমে নষ্ট হচ্ছে সড়ক
দুই পাশে নালা নির্মাণ না করায় জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার প্রধান সড়কের আধা কিলোমিটারে বৃষ্টি হলেই পানি জমে থাকে। এতে পিচ ও খোয়া উঠে গিয়ে সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে স্থানীয় লোকজন ভোগান্তির শিকার হচ্ছে।গত রোববার সরেজমিনে দেখা গেছে, মজিবর রহমান (এমআর) ডিগ্রি কলেজের প্রধান ফটক থেকে আমতলীর মোড় পর্যন্ত সড়কের উভয় পাশে বৃষ্টির পানি জমে আছে। পানি জমে থাকায় সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গেছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) প্রায় পাঁচ বছর আগে পৌর সদরের প্রধান সড়কটি সংস্কার করে। সে সময় পানি নিষ্কাশনের জন্য সড়কের দুই পাশে নালা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য দুই পাশে মাটি কেটে ঢালু করা হয়। দীর্ঘদিনেও নালা নির্মাণ না হওয়ায় সড়কের উভয় পাশের ব্যবসায়ীরা নিজ নিজ দোকানের সামনের ঢালু জায়গা মাটি দিয়ে ভরাট করে ফেলেন। এর পর থেকে বৃষ্টি হলেই এমআর ডিগ্রি কলেজের প্রধান ফটক থেকে আমতলীর মোড় পর্যন্ত সড়কের আধা কিলোমিটারে হাঁটুপানি জমে থাকছে। এতে পিচ ও খোয়া উঠে ওই অংশ নষ্ট হচ্ছে।এমআর ডিগ্রি কলেজ মার্কেটের আকন্দ টেলিকমের মালিক আবু মুসা জানান, পানি নিষ্কাশনের পথ না থাকায় সামান্য বৃষ্টিতে কলেজের ফটকের সামনে পানি জমে থাকে। এ কারণে ক্রেতাদের দোকানে আসতে সমস্যা হয়।আক্কেলপুর পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী জানান, এ ব্যাপারে পদক্ষেপ নিতে সওজের জয়পুরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছে।সওজের জয়টপুরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আজিজার রহমান দাবি করেন, তাঁরা আক্কেলপুর পৌরসভার প্রধান সড়কের দুই পাশে নালা নির্মাণ করেছিলেন। সড়কের উভয় পাশের ব্যবসায়ীরা মাটি ফেলে ভরাট করায় নালা বন্ধ হয়ে গেছে। সমস্যা সমাধানে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।