পাবনার সাঁথিয়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান নিষ্কাশন খালের কয়েকটি স্থানে বাঁশের বাঁধ (ঘের) দিয়ে পানি আটকে অবৈধ সুতিজাল দিয়ে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। এতে উপজেলার কয়েকটি বিল ও নিচু এলাকার প্রায় ১০ হাজার বিঘা জমির আমন খেত জলমগ্ন হয়ে রয়েছে। কৃষকেরা ধান কাটতে পারছেন না। পাশাপাশি তাঁরা পেঁয়াজসহ অন্যান্য রবিশস্যেরও আবাদ করতে পারছেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাগেশ্বরী নদীকে ১৯৯২ সালে প্রধান নিষ্কাশন খালে (ডি-২) রূপান্তরিত করে পাউবো। এই খালের মাধ্যমে উপজেলার কয়েকটি বিল ও নিচু এলাকার ফসলি জমির পানি নিষ্কাশিত হয়। এসব জমিতে আমনের আবাদ করা হয়। খালের মাধ্যমে বর্ষার পানি নেমে গেলে সেখানে রবিশষ্যের আবাদ করা হয়।
কৃষকেরা জানান, গজারিয়া, ঘুঘুদহ, বাঘারগাড়ী, মুক্তাহারসহ কয়েকটি বিল ও বিলের পাশের নিচু জমি থেকে এই সময়ের মধ্যে পানি নেমে যায়। কিন্তু এ বছর উপজেলার নন্দনপুর, গৌরীগ্রাম, করমজা, কাশীনাথপুর ও ক্ষেতুপাড়া ইউনিয়নের প্রায় ৩৫টি গ্রামের অন্তত ১০ হাজার বিঘা আমন খেতে এক থেকে পাঁচ ফুট পর্যন্ত পানি জমে রয়েছে। স্থানীয় প্রভাবশালী লোকজন তালপট্টি, শামুকজানি, বড়গ্রাম ও আফরা গ্রামের আটটি স্থানে ওই খালের পানি আটকে সুতিজাল দিয়ে মাছ ধরছেন। এতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় জমি থেকে পানি দ্রুত নামতে পারছে না।
শামুকজানি গ্রামের পাশে খালে বাঁধ দিয়ে মাছ শিকারের সঙ্গে জড়িত থাকা আলতাফ খাঁ ও আবদুল মালেক জানান, স্থানীয় মৎস্যজীবীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা নিয়ে খালের বিভিন্ন স্থানে এভাবে মাছ শিকার করছেন। এতে পানি নিষ্কাশন মোটেও বাধাগ্রস্ত হচ্ছে না বলে তাঁরা দাবি করেন।
এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকেরা বাঁধ অপসারণ করে দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেছেন। স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কৃষি কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে তাঁরা এ আবেদনের অনুলিপি পাঠিয়েছেন। কৃষকেরা অভিযোগ করেন, এর পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
পাউবোর বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান জানান, তিনি কৃষকদের কাছ থেকে এ ধরনের কোনো আবেদন পাননি। তিনি আরও বলেন, ‘সুতিজালের কারণে পানি নিষ্কাশন মোটেও বাধাগ্রস্ত হচ্ছে না। বিষয়টি আমার নজরদারিতে আছে।’
সাঁথিয়ার ইউএনও এবং কৃষি ও মৎস্য কর্মকর্তা কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। ১০ নভেম্বর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ‘কৃষকদের অভিযোগপত্রের অনুলিপি আমরা পেয়েছি। আমরা সরেজমিন ঘুরে ঘটনার সত্যতা পেয়েছি। ঘের দ্রুত অপসারণ না করা হলে উপজেলার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। এ ব্যাপারে আমরা সুতিজালের ঘের অপসারণের সুপারিশ করে একটি প্রতিবেদন আজই বেড়া পাউবো কার্যালয়ে পাঠাচ্ছি।’
ইউএনও শফিকুল ইসলাম বলেন, ‘প্রকৃতপক্ষেই ঘেরমালিকেরা ইজারা পেয়েছেন কি না, তা তদন্তের জন্য মৎস্য কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘কেউ ইজারা নিক বা না নিক, মৎস্য আইনে এভাবে ঘের নির্মাণ অবৈধ। সরেজমিনে গিয়ে ঘেরমালিকদের ঘেরগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে সময় বেঁধে দিচ্ছি। তাঁরা সরিয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’