পানি দিয়ে অজ্ঞাত রোগের চিকিৎসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরুর খাবার দেওয়ার চাড়িতে বসিয়ে মাথায় তিন ঘণ্টা ধরে পানি ঢালা হচ্ছে আবু সুফিয়ানের। পাশেই আরেকটি চাড়িতে বসানো হয়েছে ফরিদুর রহমানকে। একটু দূরে পুকুরের পানিতে গা ডুবিয়ে মাথা ভাসিয়ে আছেন জাহাঙ্গীর আলম ও ইয়াসিন আলী। তাঁরা সবাই ‘অজ্ঞাত রোগ’-এ আক্রান্ত। স্থানীয় লোকজনের পরামর্শে পাঁচ থেকে সাত ঘণ্টা এভাবে পানিতে থাকছেন তাঁরা। অজ্ঞাত রোগে আক্রান্ত এসব রোগীর বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী জিন্নানগর গ্রামে। ওই গ্রাম ছাড়াও সীমান্তসংলগ্ন কাজিরবেড়, নিশ্চিন্তপুর, পাতরা, ডালভাঙ্গা, বাগদিরাইট, তালসার, ঝিটটিপোতা, সামন্তা, আমিননগর, রায়পুরসহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে একই সমস্যা দেখা দিয়েছে। আক্রান্ত ব্যক্তিরা জানিয়েছেন, প্রথমে তাঁদের দুই পা অবশ হয়ে আসে। এরপর কোমরের নিচ থেকে অকেজো হয়ে পড়ে। সোজা হয়ে হাঁটাচলা করতে পারেন না। এমনকি গোপনাঙ্গেও সমস্যা দেখা দিচ্ছে বলে তাঁরা দাবি করেন। কিন্তু চিকিৎসকেরা বলছেন, এটি কোনো রোগ না, আতঙ্ক থেকে এমনটি হচ্ছে। উপজেলার আমিননগর গ্রামের সাদেক আলীর ১৫ বছর বয়সী ছেলে সামাউল ইসলামকে বাড়ির মধ্যে একটি চাড়িতে বসিয়ে তার মা সালমা খাতুন পানি ঢালছিলেন। ছেলের কী হয়েছে জানতে চাইলে তিনি জানান, তাঁর ছেলে সকালে স্যালোমেশিন চালানোর জন্য মাঠে যায়। সেখানে কাজ করা অবস্থায় শরীরের নিচের অংশে জ্বালা-যন্ত্রণা দেখা দিলে বাড়ি ফিরে আসে। সামাউলের নানা আলী আহম্মদ জানান, প্রতিবেশীদের পরামর্শে পানি ঢালার ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে দুই ঘণ্টা পানি ঢেলেছেন, আরও তিন ঘণ্টা ঢালবেন। নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আবদুল মজিদ জানান, গত বুধবার থেকে এলাকায় অজ্ঞাত এই রোগ দেখা দিয়েছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। সাধারণত, ১০ থেকে ৩০ বছর বয়সী মানুষের মধ্যে এই রোগ দেখা যাচ্ছে। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাহাজ্জেল হোসেন জানান, বিষয়টি তাঁরা অবগত হয়ে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে খবর নিয়েছেন। আসলে এটা আতঙ্ক থেকে ছড়িয়ে পড়ছে। এটা কোনো রোগ না।