পানি দেওয়া, পণ্য বেচা বারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রাধানগর গ্রামে ১৭ দিন ধরে একটি পরিবারকে একঘরে করে রাখা হয়েছে। পরিবারের লোকজনকে গ্রামের নলকূপ থেকে পানি নিতে ও দোকানপাট থেকে জিনিসপত্র কিনতে দেওয়া হচ্ছে না। গ্রাম্য সালিসে পরিবারটিকে একঘরে করা হয়েছে বলে জানা গেছে।রাধানগর গ্রামের আছদ্দর আলী (৫১) ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস আগে গ্রামের এক লোকের দুটি গরু চুরি যায়। স্থানীয় কয়েকজন চুরির সঙ্গে আছদ্দর আলী ও তাঁর ছেলে জড়িত বলে প্রচার করে। এ নিয়ে গ্রামে একটি সালিস ডাকা হয়। আছদ্দর আলী ওই সালিসি বৈঠকে থাকতে পারেননি। তিনি আগেই সালিসকারীদের বৈঠকের দিনক্ষণ পরিবর্তনের অনুরোধ করেছিলেন। কিন্তু সালিসকারীরা তাঁর অনুরোধ রাখেননি। সাচনাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজির আলী গত ৩০ জুলাই রাতে গ্রামে আরেকটি সালিস ডাকেন। ওই সালিসে সেই গরু চুরির ঘটনায় আছদ্দর আলীর পরিবারকে একঘরে করে রাখার সিদ্ধান্ত হয়। গ্রামের প্রবীণ ব্যক্তি জয়নাল আবেদিন সে দিনের সালিসে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘সে (আছদ্দর আলী) গ্রামের লোকজনের কথা শুনে না। বিচারে ডাকলে আসে না। সে গরু চুরি করেছে বলে অভিযোগ আছে। তাই তাকে একঘরে করা হয়েছে।’গ্রামের বাসিন্দা ওসমান গনি বলেন, ‘আছদ্দর আলী যে গরু চুরির সঙ্গে জড়িত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে একঘরে করতে আমি মত দিইনি। কিন্তু অনেকেই এর সঙ্গে একমত হওয়ায় তাঁকে একঘরে করা হয়। ওই সালিসে আছদ্দর আলী উপস্থিত ছিলেন না।’ রাধানগর গ্রামের দোকানি বদরউদ্দিন জানান, আছদ্দর আলীর পরিবার একঘরে অবস্থায় আছে। পঞ্চায়েতের পক্ষ থেকে তার কাছে মালামাল বিক্রি করতে নিষেধ করা হয়েছে। ওই পরিবারের কারও সঙ্গে কথা বললে বা যোগাযোগ রাখলে জরিমানা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আছদ্দর আলীর অভিযোগ, ‘আমাকে ও আমার ছেলেকে দায়ী করা হচ্ছে। তখন ছেলে জাহাঙ্গীর চট্টগ্রামে কাজে ছিল। এখনো সেখানেই আছে। এ ছাড়া আমার আরও তিন মেয়ে, দুই ছেলে আছে। মেয়েরা স্কুলে যাওয়ার সময় নানা কথা বলে লোকজন।’সাচনাবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজির আহমদের পরিবারটিকে একঘরে করে রাখার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘এটা গ্রাম-পঞ্চায়েতের ব্যাপার। সবাইকে নিয়ে চলা উচিত। ওই লোককে আমি নিজে বলেছি সবার সঙ্গে মিলেমিশে চলতে। কিন্তু সে একা একা চলতে চায়।’ গ্রামের নলকূপ থেকে পানি না নিতে দেওয়া ও দোকানে মালামাল কিনতে নিষেধ করার বিষয়ে চেয়ার্যমান বলেন, ‘এটাও গ্রাম-পঞ্চায়েতের সিদ্ধান্ত। আসলে আমার একা কিছু করার নেই।’জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বলেন, ‘বিষয়টি আমাদের কেউ জানায়নি। কেউ কোনো অভিযোগও করেনি।’