পানি না এলে কর্মকর্তাদের বসিয়ে রাখা হবে
রাজধানীর নাখালপাড়া দক্ষিণ-পশ্চিম এলাকার চলমান পানির সমস্যা ১০ দিনের মধ্যে সমাধান করতে না পারলে ওয়াসা কর্মকর্তাদের নাখালপাড়ায় এনে বসিয়ে রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। গতকাল রোববার দুপুরে মেয়র সমস্যাগ্রস্ত এলাকা ঘুরে দেখে এলাকাবাসীর সঙ্গে কথা বলে এ ঘোষণা দেন।
এ ছাড়া এই সময়ে ওয়াসাকে বিকল্প উপায়ে পানি সরবরাহ করারও নির্দেশ দেন।
বেলা দুইটার দিকে নাখালপাড়ার লুকাস মোড়ে মেয়র এলে এলাকার বাসিন্দারা তাঁকে ঘিরে ধরে সমস্যার কথা জানান। এলাকাবাসী মেয়রকে জানান, তাঁদের এলাকায় ওয়াসার খননকাজ চলার জন্য নাখালপাড়ার ছাপড়া মসজিদ থেকে ঢাল, প্রেমনগর, ৬ থেকে ৮ ও ১০ থেকে ১২ নম্বর গলিতে দুই মাস ধরে পানি পাচ্ছেন না। তাঁরা সমাধানের জন্য অনেকবার ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও সমস্যার সমাধান হয়নি। সমস্যার কথা শুনে মেয়র ওয়াসার প্রধান প্রকৌশলী আবুল কাশেমসহ অন্য কর্মকর্তাদের কাছে জানতে চান এ সমস্যা সমাধানের জন্য কত দিন লাগবে? জবাবে ওয়াসার প্রধান প্রকৌশলী জানান, ১০ দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। সে পর্যন্ত এলাকাবাসীকে ধৈর্য ধরার অনুরোধ করেন মেয়র। নাখালপাড়ার বাসিন্দা মো. নাসির উদ্দিন বলেন, ‘দুই মাস ধরে এলাকায় পানি নেই। রোজার মধ্যে আমাদের কী যে কষ্ট তা ভাষায় প্রকাশ করা যাবে না।