পানি না কমা পর্যন্ত বন্যার্তদের সহায়তা দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী মায়া নীলফামারী ও গাইবান্ধায় এবং দলের পক্ষ থেকে হানিফ কুড়িগ্রামে ত্রাণ বিতরণ করেন। তাঁরা দুজনই বন্যাদুর্গত মানুষের সহায়তা অব্যাহত রাখার কথা বলেন।

প্রথম আলোর আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :

নীলফামারী : জেলার ডিমলা উপজেলার ডালিয়ায় অবস্থিত হেলিপ্যাড এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘যত দিন পর্যন্ত নদীর পানি কমবে না, তত দিন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে। ঘরে না ফেরা পর্যন্ত সরকার তাদের যাবতীয় ব্যবস্থা নেবে।’ তিনি আরও বলেন, নদীর পানি কমার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গৃহ নির্মাণসহ পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

গাইবান্ধা : জেলার সদর উপজেলার ফুলবাড়ী মাঠে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের আগে মন্ত্রী মায়া বলেন, বন্যাদুর্গত এলাকার একটি মানুষও না খেয়ে থাকবে না। খাদ্যগুদামগুলোতে সরকারের প্রচুর পরিমাণ খাদ্য মজুত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশ মোতাবেক ত্রাণ তৎপরতা অব্যাহত আছে এবং থাকবে। তিনি জানান, গাইবান্ধায় বন্যাদুর্গত মানুষের জন্য সরকার ৪০ লাখ টাকা ও ৯৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে, যা বিতরণ করা হয়েছে। নতুন করে আরও ১০ লাখ টাকা এবং ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হবে।
পরে মন্ত্রী সদর উপজেলার বাদিয়াখালি ও বোয়ালি ইউনিয়নের ৫০০ বন্যাকবলিত মানুষের মধ্যে জনপ্রতি পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি চিড়া, এক কেজি চিনি, এক কেজি তেল, এক ডজন মোমবাতি, একটি দেশলাই, পাঁচটি ওরস্যালাইন, এক পাতা প্যারাসিটামল ট্যাবলেট ও এক কেজি মুড়ি বিতরণ করেন।

কুড়িগ্রাম : বন্যার্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, দুর্গত ব্যক্তিদের সবার ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে। সেই সঙ্গে বন্যার পানি নেমে যাওয়ার পর ব্যাপক পুনর্বাসন কর্মসূচি নেওয়া হবে। আজ দলের পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘প্রতিটি দুর্গত পরিবার যেন যথেষ্ট পরিমাণ সহায়তা পায়, সে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দলের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি দেখার জন্য এবং ত্রাণ দেওয়ার জন্য এসেছি। বানভাসিদের ত্রাণ দিয়েই আমাদের কাজ শেষ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যা–পরবর্তী সময়ে এদের পুনর্বাসনে কাজ করা হবে।’ এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য রয়েছে। কাজেই ধর্মের নামে দেশে জঙ্গিবাদ বরদাশত করা হবে না। জঙ্গিবাদ উৎখাত করার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের এক ইঞ্চি জমিও কোনো সন্ত্রাসীকে ব্যবহার করতে দেওয়া হবে না। যেখানেই তথ্য পাওয়া যাবে, সেখানেই অভিযান চালিয়ে জঙ্গিদের চিরদিনের মতো উৎখাত করা হবে।
হানিফ জেলার নাগেশ্বরীর বেরুবাড়ী, বল্লভের খাস, নুনখাওয়া, চিলমারীসহ কয়েকটি এলাকায় দলের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।