চটগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১০ দিন ধরে পানি পাচ্ছেন না হাজতি কয়েদিরা। কারাগারের গভীর নলকূপটি নষ্ট থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো বন্দী ও কর্মকর্তা-কর্মচারীকে।
নষ্ট হওয়া নলকূপটি মেরামত করতে আরও আট থেকে দশ দিন সময় লাগবে বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। এ অবস্থায় পানি না পেয়ে গোসলসহ প্রয়োজনীয় পানির অভাবে বন্দীদের মধ্যে চর্মরোগসহ নানা রোগ দেখা দিচ্ছে। কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসা একাধিক বন্দী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে জানান, কারাগারের গভীর নলকূপটি ১০ দিন ধরে নষ্ট থাকায় বিকল্প ব্যবস্থায় বাইরে থেকে পানি এনে বন্দীদের রান্নার কাজ সারা হচ্ছে। গোসলসহ প্রয়োজনীয় পানি না পাওয়ায় বন্দীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নলকূপটি মেরামতের জন্য ওয়াসাকে চিঠি দেওয়া হলে তারা কাজ শুরু করলেও আরও সময় লাগবে।
কারা হাসপাতালের চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, গোসলসহ প্রয়োজনীয় কাজ সারতে না পেরে কিছু বন্দীর মধ্যে চর্মরোগসহ নানা রোগ দেখা দিয়েছে।
চট্টগ্রাম কারাগারের কর্ণফুলী ভবনে থাকেন হাজতি রোকন উদ্দিন। সাঙ্গু ভবনে থাকেন ইয়াছিন আরাফাত। গত বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে আসেন তাঁরা। এদিন আদালত প্রাঙ্গণে তাঁরা প্রথম আলোকে জানান, পানি না থাকায় ১০ দিন ধরে গোসল করতে পারেননি। খাবার পেতেও দেরি হচ্ছে। পানি নিয়ে চলছে কাড়াকাড়ি। একই অভিযোগ করলেন আদালতে হাজিরা দিতে আসা মহানগর ও জেলা হাজতখানায় থাকা আসামিরা।
কারা সূত্র ও বন্দীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারাগারের চার হাজার ৬৩৭ বন্দী এবং ৪৫০ কর্মকর্তা-কর্মচারী পানিসংকটে ভুগছেন। প্রতিদিন বন্দীদের সকালের নাশতা ও দুই বেলা খাবার পরিবেশন করা হয়। এ জন্য কারাগারে ছোট-বড় ৩০টি চৌকা (রান্নার চুলা) রয়েছে। রান্নাসহ যাবতীয় কাজে পানির প্রয়োজন হয়। কিন্তু ১ অক্টোবর থেকে নলকূপটি নষ্ট হয়ে আছে। ফলে চাহিদামতো পানি পাচ্ছেন না বন্দীরা। ওয়াসা থেকে ভাউচারে (পানি পরিবহনের গাড়ি) করে পানি আনা হচ্ছে রান্না ও টয়লেটের জন্য। কারাগারে আরেকটি গভীর নলকূপ থাকলেও সেটিতে পানি উঠছে কম। যেটুকু পাওয়া যায়, তা-ও ঘোলা পানি। যা পান ও ব্যবহারযোগ্য নয় বলে জানান বন্দীরা।
কারাগারে ধারণক্ষমতা রয়েছে তিন হাজার বন্দীর। বেশি বন্দী হওয়ায় এক ওয়ার্ডে গাদাগাদি করে থাকতে হচ্ছে অনেক বন্দীকে।
চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী তপন দাশ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, গভীর নলকূপটি পুরোনো হওয়ায় নষ্ট হয়ে গেছে। এটি মেরামত করতে আরও আট থেকে দশ দিন সময় লাগবে। প্রস্তাবনা পাঠানো হয়েছে বরাদ্দ পাওয়া গেলে কারাগারে নতুন গভীর নলকূপ বসানো হবে। মেরামত না হওয়া পর্যন্ত পানিসংকট কাটাতে প্রতিদিন ভাউচারে করে পানি সরবরাহ করছে ওয়াসা কারাগারে।