পানি না থাকায় ১০০ কেজি রেণু নষ্ট মরছে মা-মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যাপ্ত পানির অভাবে গত এক মাসে লক্ষ্মীপুরের রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণকেন্দ্রের (ফিস হ্যাচারি) ১০০ কেজি রেণু ও ডিম নষ্ট হয়ে গেছে। মরে গেছে রুই জাতীয় ৩৫টি মা-মাছ (ব্রুড মাছ)। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেছেন। মৎস্য প্রজননকেন্দ্রের বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদপুর সেচ প্রকল্পের (সিআইপি) আওতায় হ্যাচারিসংলগ্ন পি-২ খালে পানি না থাকায় মা-মাছেরা এখন হুমকিতে রয়েছে। রেণু উৎপাদনের কাজও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এ কারণে গত মে মাসে প্রায় ১০০ কেজি রেণু উৎপাদন কম হয়েছে। মৎস্য প্রজননকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম মহিব উল্লাহ প্রথম আলোকে বলেন, হ্যাচারিসংলগ্ন পি-২ খালে পানি সরবরাহের জন্য সিআইপি কর্তৃপক্ষকে একাধিকবার মৌখিকভাবে অনুরোধ করা হয়। খালে পানির প্রবাহের পরিমাণ না বাড়ায় গত ১৩ মে সিআইপির নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়। কিন্তু এর পরও খালে পানির প্রবাহ বাড়েনি।কর্মকর্তারা অভিযোগ করেন, পানির অভাবে কেন্দ্রের ৬৯টি পুকুরের পানি কমে দুই-তিন ফুটে নেমে এসেছে। এতে রেণু নষ্ট হয়ে যাচ্ছে। রায়পুর মৎস্য প্রজননকেন্দ্র সূত্র জানায়, গত বছরের মে মাসে প্রতিষ্ঠানটি ২৯০ কেজি রেণু উৎপাদন ও বিক্রি করে। কিন্তু পর্যাপ্ত পানি না থাকায় চলতি বছরের মে মাসে ১৯০ কেজি রেণুর উৎপাদন ও বিক্রি হয়েছে। যোগাযোগ করা হলে সিআইপির আওতায় রায়পুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ফয়েজুর রব প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ বৃষ্টি হলে সিআইপির ভেতর বন্যা দেখা দিতে পারে। এ কারণে বছরের এই সময়ে সাধারণত খালের পানির স্তর কমিয়ে রাখা হয়। মৎস্য প্রজননকেন্দ্রের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা পানির স্তর ছয় ইঞ্চি বাড়িয়েছি। এর পরও সমস্যা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।