পানি নামছে না, আউশ নিয়ে শঙ্কায় কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁকচিড়া বাজার এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁকচিড়া বাজার এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। গতকাল তোলা ছবি l প্রথম আলো

ঘূর্ণিঝড় রোয়ানুর পর পাঁচ দিন অতিবাহিত হলেও বরগুনার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা কমছে না। বিশেষ করে চলতি আউশ মৌসুমে আউশের বীজতলা ও খেতগুলোর শতভাগ নিমজ্জিত হয়ে এরই মধ্যে তাতে পচন ধরেছে। এতে আউশ আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কৃষকেরা।
গতকাল বুধবার বরগুনার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘূর্ণিঝড়ের তিন দিন আগে থেকেই বরগুনাসহ উপকূলে প্রবল বর্ষণ শুরু হয়। ঘূর্ণিঝড়ের পর পাঁচ দিন অতিবাহিত হয়েছে। সব মিলিয়ে আট-নয় দিন ধরে আউশের খেত ও বীজতলা জলাবদ্ধ। দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় বীজতলা ও খেতের ফসলে পচন ধরেছে। এখনো পানি নামার কোনো লক্ষণ নেই। পানি নামার পর নতুন করে বীজতলা করা, জমি চাষ করে তা রোপণ করা দুঃসাধ্য ব্যাপার। তাই এবার আউশে এ অঞ্চলের মানুষ চরম মার খাবেন বলে কৃষকদের আশঙ্কা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি আউশ মৌসুমে এবার বরগুনা জেলায় ৪৪ হাজার ৬৬৪ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, ২ হাজার ৮৯৫ হেক্টর আউশ বীজতলার মধ্যে ২ হাজার ৫৯৯ হেক্টর সম্পূর্ণভাবে পানির নিচে নিমজ্জিত আছে। আর রোপণ করা ৫ হাজার ৬৫৭ হেক্টর জমির আউশখেত জলাবদ্ধ অবস্থায় রয়েছে। এ ছাড়া ২ হাজার ২১৮ হেক্টর জমির সবজি ও অন্যান্য ফসলের সম্পূর্ণ ক্ষতি হয়েছে।
এদিকে গতকাল বুধবার জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ঘূর্ণিঝড় রোয়ানুতে কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়, জেলায় কৃষি খাতে ৬৬ কোটি ৩২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১২ হাজার ৮১৩; যা বরিশালের ছয় জেলার মধ্যে সবচেয়ে বেশি।
গতকাল বুধবার বরগুনা সদরের বুড়িরচর, গৌরিচন্না, নলটোনা, বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকার মাঠ-ঘাট এমনকি ঘরদোর পানিতে নিমজ্জিত হয়ে আছে। ছোট বালিয়াতলী গ্রামের কৃষক সেন্টু মিয়া বলেন, ‘এহন যে অবস্থা হ্যাতে এক সপ্তায় পানি কমার কোনো ভাব দেহি না। বীজপাড়া সব শ্যাষ। নতুন কইরা বীজতলা করমু বীজ পামু কই। আবার বীজতলা যদি করি জমি চাষ করতে সময় লাগবে, হ্যার পর আর রোপণ করার সময় থাকপে না। অবস্থা যা ঠেহি এইবার মোগো কপালে আউশ ধান নাই।’
নলটোনা গ্রামের কৃষক হারুন হাওলাদার বলেন, ‘১৫ হাজার টাহা খরচ কইরা দেড় একর জাগায় আউশ আবাদ করছালাম। সব শ্যাষ, এহন কী হরমু কইতে পারি না। নতুন বীজ কইরা আবার আবাদ করমু, হেই সময় নাই।’
বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইনুর আযম খান বলেন, বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে কৃষিক্ষেত্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা বরগুনা। এখানে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা অন্যান্য জেলার চেয়ে বেশি। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।