
মঙ্গলবার দুপুর ১২টা। তেজগাঁও মহিলা কলেজের ফটকের সামনে দাঁড়িয়ে আছেন কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষিকা। রিকশার অপেক্ষায় তাঁরা। কিন্তু পাচ্ছেন না। কিছুক্ষণ পর একটি রিকশা এল। সেই রিকশায় গেলেন দুজন। হাত পঞ্চাশেক জায়গা পার হওয়ার জন্য তাঁদের ভাড়াও দিতে হলো ২০ টাকা। কারণ, সড়কে জলাবদ্ধতা।
গতকাল সকালে আধা ঘণ্টার বৃষ্টিতে কলেজটির সামনের সড়কে পানি জমে যায়। কলেজটির অবস্থান পূর্ব তেজতুরী বাজার এলাকায়।
কলেজের দারোয়ান সিদ্দিক মিয়া বলেন, সকাল ছয়টার দিকে বৃষ্টি শুরু হয়। চলে সকাল আটটা পর্যন্ত। আটটার আগেই কলেজের ভেতরে পানি ঢুকে যায়। অল্প বৃষ্টি হলেই এ সড়কে পানি জমে যায়। আর তা নামতে লেগে যায় প্রায় ছয় ঘণ্টা।
গতকাল বেলা দুইটা পর্যন্ত সড়কটির পানি নামতে দেখা যায়নি।
কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বলেন, কলেজের শিক্ষার্থী প্রায় তিন হাজার। তাঁদের মধ্যে ৫০ জন কলেজটির ছাত্রীনিবাসে থাকেন। কলেজের সামনে ব্যক্তিমালিকানাধীন একটি ছাত্রীনিবাসে থাকেন আরও ৫০ জন। অন্যরা বিভিন্ন এলাকা থেকে আসেন। তিনি বলেন, বৃষ্টি হলে কলেজের সামনের সড়কে পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষিকাসহ এলাকাবাসী।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, পূর্ব তেজতুরী বাজার এলাকায় সড়ক আছে দুটি। একটানা আধা ঘণ্টা বৃষ্টি হলেই দুটি সড়কই ডুবে যায়। একটু ভারী বৃষ্টি হলে জমে কোমরপানি। অনেক বাড়ির নিচতলার পানি ঢুকে যায়। এই বর্ষায় কয়েক দিন প্রায় কোমরসমান পানি জমে গিয়েছিল সড়ক দুটিতে।
তেজগাঁও মহিলা কলেজের সামনের লন্ড্রির দোকানি সবুজ হাওলাদার বলেন, বৃষ্টি একটু বেশি হলে তাঁর দোকানে পানি ঢুকে যায়। ভেতরের আসবাবে লেগে যায় ময়লা পানি। এ কারণে গ্রাহকেরাও তাঁর দোকানে কম আসতে চান।
ফেরদৌস খান নামের এক ব্যক্তি বলেন, তিনি এই এলাকায় প্রায় ১৫ বছর ধরে আছেন। আগে এই এলাকায় এত জলাবদ্ধতা হতো না। এলাকার অনেকে নালা সরু করে তা দখল করে ভবন গড়ে তুলেছেন। এ ছাড়া নালাগুলো ঠিকমতো পরিষ্কারও করা হয় না। এ কারণে সামান্য বৃষ্টিতে পানি জমে। আর তা নামতে লাগে কয়েক ঘণ্টা।
তেজগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ আসাদুল হক বলেন, কলেজটির সামনের সড়কে জলাবদ্ধতার বিষয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। কিছুদিন আগে নালার কিছু অংশ পরিষ্কার করা হলেও তেমন কাজ হয়নি। বৃষ্টি হলে জলাবদ্ধতার কারণে কলেজে শিক্ষার্থীর উপস্থিতি কমে যায়।
এসব বিষয়ে কথা বলার জন্য গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসানের মুঠোফোনে কল করে সেটি বন্ধ পাওয়া গেছে।