পানি নামলেও বাড়ি ফিরতে পারছে না কয়েক লাখ মানুষ
মাটির ঘরগুলো পানিতে ধুয়ে গেছে। পড়ে আছে শুধু ভিটা। নষ্ট হয়ে গেছে গোলপাতা দিয়ে তৈরি ঘরের চাল। সাতক্ষীরার তালা উপজেলার এলাকার পর এলাকাজুড়ে এ অবস্থা। নদীর পানি উপচে ও বৃষ্টির কারণে প্লাবিত হওয়ায় ঘরগুলোর এ করুণ পরিণতি। তাই পানি নেমে গেলেও বাসিন্দারা এখন ঘরে ফিরতে পারছে না।তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে কপোতাক্ষ নদের উপচে পড়া পানি এবং প্রবল বৃষ্টিতে উপজেলার ২০৫টি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ৫২ হাজার পরিবারের বসতঘরে পানি ঢুকে পড়ে। তখন এসব পরিবারের প্রায় তিন লাখ মানুষ বাড়ি ছেড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক, বাঁধসহ উঁচু স্থানে আশ্রয় নেয়।জানা গেছে, জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত ৫২ হাজার পরিবারের মধ্যে ৪০ হাজার পরিবারের বাড়ি মাটি দিয়ে তৈরি। ওই সব পরিবারের মাটির ঘর পানিতে ধুয়ে গেছে। তাই এসব পরিবারের অধিকাংশ মানুষ ঘরে ফিরতে পারছে না। তারা এখনো বাঁধ ও উঁচু স্থানে টংঘর তুলে মানবেতর জীবন যাপন করছে। ওই এলাকায় কোনো কাজ না থাকায় তাদের অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে।গত বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার ইসলামকাটি, খলিলনগর ইউনিয়নের ঘোনা গঙ্গারাপুর ঘোষনগর, লক্ষ্মণপুরসহ ১০-১২টি গ্রাম ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।ইসলামকাটি ইউনিয়নের ঘোনা সড়কে আশ্রয় নেওয়া সুফিয়া বেগম জানান, ‘প্রায় তেন মাস রাস্তার ওপর বসবাস করতে হতেছে। পানি খানিকটা নেবে গে। কেনতু বাড়ি যাতি পাতিছিনে। বাড়িতে গে কোরবোটা কী? ঘর-দুর কেছু নি। নতুন কুরে ঘর বাঁধার জন্য যে টিকার দুরকার, তা আমাগে কাছেনি।’নারাণপুর গ্রামের জাহিদুল ইসলাম জানান, পরিবারে লোকসংখ্যা পাঁচজন। হাতে কোনো কাজ নেই। ঘরবাড়ি ধসে জমির সঙ্গে মিশে গেছে। ঘর তৈরি করার মতো অবস্থা নেই। কদমতলা এলাকার সেলিম হোসেন নামের এক কৃষক বলেন, ‘চার বিঘা জমিতে আমার বেগুনসহ বিভিন্ন ফসল ছিল। কিন্তু তা বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। বাড়িঘর ভেঙে পড়ে পানির সঙ্গে মিশে গেছে। নতুন ঘর করার সামর্থ্য না থাকায় ইচ্ছা থাকার পরও নিজ বাড়িতে ফিরতে পাচ্ছিনে।’ইসলামকাটি ইউপির চেয়ারম্যান গোলাম ফারুক জানান, ‘পানি কমলেও ঘর ভেঙে যাওয়ায় মানুষ নিজ বাড়িতে আসতে পারছে না। নতুন ঘর তৈরি করার মতো অবস্থা অনেকের নেই। উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, প্লাবিত এলাকার মানুষের হাতে কোনো কাজ নেই। সম্প্রতি প্লাবিত এলাকার কিছু মানুষ বাড়ি ফিরলেও তাদের বাসস্থানের জায়গা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে।