পানি নিয়ে ভাবনা, পাঁচ বছর পর আর না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২১ সাল নাগাদ চারটি প্রকল্পের কাজ শেষে চট্টগ্রাম নগরবাসী ২৪ ঘণ্টা পানি পাবে। আর চলতি বছরের জুন থেকে ওয়াসার ভান্ডারে দৈনিক ১৪ কোটি লিটার পানি যোগ হচ্ছে। কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প থেকে এই পানি আসবে। পাঁচ বছর পর অর্থাৎ ২০২১ সালে চট্টগ্রাম ওয়াসা দৈনিক অতিরিক্ত ৪৩ কোটি লিটার পানি উৎপাদন করবে।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এসব তথ্য জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) গোলাম হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) রতন কুমার সরকার, সচিব মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী মুহাম্মদ জহুরুল হক, বাণিজ্যিক ব্যবস্থাপক বিশ্বজিৎ ভট্টাচার্য ও জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান।
সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, নগরবাসীকে নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য চট্টগ্রামে কয়েকটি মেগা প্রকল্প চলছে। এখন কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প, চিটাগাং ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প পর্যায়-২ ও ভাণ্ডালজুরি পানি সরবরাহ প্রকল্প নামে চারটি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে প্রথম প্রকল্পটির কাজ চলতি বছরের জুনে, দ্বিতীয়টি ২০১৮ সালে এবং বাকিগুলো ২০২১ সালের মধ্যে শেষ হবে। এর মধ্যে দুটির অর্থায়ন করছে জাইকা, একটি বিশ্বব্যাংক ও আরেকটি কোরিয়ান এক্সিম ব্যাংক।
সংবাদ সম্মেলনে এ কে এম ফজলুল্লাহ বলেন, বর্তমানে ওয়াসা ২১ কোটি লিটার পানি উৎপাদন করছে। প্রকল্পগুলোর কাজ শেষ হলে চট্টগ্রাম মহানগরে পানির কোনো সমস্যা থাকবে না এবং চট্টগ্রাম শহরে একটি আধুনিক পানি সরবরাহব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তখন নগরের গভীর নলকূপগুলো থেকে পানি উত্তোলন বন্ধ করে পরিবেশের ভারসাম্যও আনা যাবে।