পানি নিষ্কাশন না হওয়ায় বোরো নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের বিল খুকশিয়ার আট কপাটবিশিষ্ট জলকপাট দিয়ে সঠিকভাবে পানি নিষ্কাশিত না হওয়ায় ২৭টি বিলের বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষকেরা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গেট খালাসি নিয়োগ না করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসী সূত্র জানায়, মনিরামপুর ও কেশবপুর উপজেলার ২৭টি বিলের বর্ষা মৌসুমের জলাবদ্ধ পানি বিল খুকশিয়ার আট ফোকরবিশিষ্ট জলকপাট দিয়ে নিষ্কাশিত হয়। বিলগুলোর মধ্যে অন্যতম হলো বিল খুকশিয়া, কালীচরণপুর বিল, বাগডাঙ্গা, নারায়ণপুর, মনোহরনগর, পাথরঘাটা, আশননগর, বাটবিলা ও জিরেরডাঙ্গার বিল। এ বছর অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বিলগুলো এখনো জলাবদ্ধ হয়ে রয়েছে।
নারায়ণপুর গ্রামের কৃষক শঙ্কর কুমার কর্মকার বলেন, ভাটার সময় কিছু পানি নামলেও জোয়ারের সময় একবারেই সরে না। আগামী মৌসুমে বোরা আবাদ করা যাবে বলে মনে হয় না। বেতিখোলা গ্রামের কৃষক নজরুল শেখ বলেন, ‘বেতিখোলা বিলে এখন তিন-চার হাত পানি রয়েছে। এই পানি কবে নামবে আর আমরা কবে ফসল করতে পারব তা বুঝতে পারছি না।’ একই ধরনের কথা বলেন আড়ুয়া গ্রামের সিরাজুল ইসলামসহ কয়েকজন কৃষক।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, বিল খুকশিয়ার শ্রীহরি নদীর সঙ্গে নির্মিত আট ফোকরবিশিষ্ট জলকপাটে মাত্র দুটি ফোকর দিয়ে পানি নিষ্কাশিত হচ্ছে। গেটের পাশেই নৌকায় বসে আছেন ভোলা বিশ্বাস। তিনি জানান, তাঁর বাড়ি চুকনগর গ্রামে। আড়ুয়া গ্রামের মিন্টু গাজী তাঁকে কপাট খোলা ও বন্ধ করার দায়িত্ব দিয়েছেন। বর্তমানে তিনটি কপাট ভালো আছে। অন্য পাঁচটি নষ্ট।
এ ব্যাপারে মিন্টু গাজী বলেন, ‘এবার বর্ষায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ব্যাপক এলাকায় পানি জমে যায়। ওই সময় গ্রামবাসীকে নিয়ে সবগুলো গেট খুলে দেওয়া হয়। পানি দ্রুত নামার কারণে সাত-আটটি ঘেরের মাছ বাঁধ ধসে বেরিয়ে যায়। ঘের মালিকদের যাতে ক্ষতি না হয় এ জন্য এখন দুটি গেট খোলা রাখা হয়েছে। এ কাজটি আমি স্বতঃপ্রণোদিত হয়ে করে থাকি। এর জন্য আমি কোনো টাকা পাই না।’
সুলতান নামে একজন ঘেরমালিক জানান, একসঙ্গে আটটি কপাট খুলে দিলে খুকশিয়া বিলের ঘেরগুলোর বাঁধ ধসে মাছ খালে চলে যাবে। তাই অল্প করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার সুর বলেন, এখনো বোরো মৌসুমের এক মাস দেরি আছে, এর মধ্যে পানি নিষ্কাশন হলে ফসল করা সম্ভব।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মনজুর আলম বলেন, ‘কপাট সঠিকভাবে খোলা না হওয়ার অভিযোগ আমি পেয়েছি। আমি পাউবোর নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি। তার পরও এলাকার চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বসে আমরা লোক নিয়োগ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেব।’
পাউবোর কেশবপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন, খারাপ কপাটগুলো মেরামতের জন্য ঢাকার ওয়াপদা ভবনে প্রস্তাব পাঠানো হয়েছে। ২০০১ সালে খালাসি অবসর নেওয়ার পর আর নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তবে খালাসি নিয়োগ দেওয়ার একটি প্রস্তাবও দেওয়া আছে।