পানি নিষ্কাশনব্যবস্থা নেই তালার তিন গ্রাম জলাবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারপাশে পানি। তাই হাঁটুপানিতে ভিজেই সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া গ্রামের লোকজনকে চলাচল করতে হয়। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
চারপাশে পানি। তাই হাঁটুপানিতে ভিজেই সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া গ্রামের লোকজনকে চলাচল করতে হয়। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় বৃষ্টিতে তলিয়ে আছে সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের তিনটি গ্রাম। জলাবদ্ধতার কারণে তিন সপ্তাহ ধরে দুই শতাধিক পরিবারের প্রায় এক হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যথাসময়ে কপোতাক্ষ নদ খনন না করায় এসব গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এলাকার মানুষের দাবি, ত্রাণ না দিয়ে বরং পানি সরানোর ব্যবস্থা করা হোক।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের কানাইদিয়া, কৃষ্ণকাটি ও চরকানাইদিয়া গ্রামের চারদিকে পানি। ২২ সেপ্টেম্বর থেকে টানা তিন দিনের বৃষ্টিতে পানি আরও বেড়েছে। লোকজনের বাড়ির উঠান হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। কোথাও পানি আরও বেশি। অনেকে বাড়ি থেকে রাস্তায় যাওয়ার জন্য বাঁশের সাঁকো তৈরি করে নিয়েছেন। এ ছাড়া সব ফসলের খেত তলিয়ে গেছে। ভেসে গেছে মাছ ও চিংড়ির ঘের।
ছোটবড় মিলিয়ে চিংড়ি ও সাদা মাছের দেড় শতাধিক ঘের ও ৬০০-৭০০ বিঘার আমন ফসল তলিয়ে গেছে বলে জানান জালালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম মফিদুল হক।
কৃষ্ণকাটি গ্রামের শহিদ গাজী বলেন, অন্য বছরের তুলনায় এ বছর বৃষ্টি কম হলেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গ্রাম্য চিকিৎসক মঞ্জুর রহমান বলেন, তাঁর ১০ বিঘা আয়তনের একটি চিংড়ি ঘের পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া স্যাঁতসেঁতে পরিবেশে থেকে শিশুরা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, কীভাবে পানি সরানো যায় তার চেষ্টা চলছে।