পানি নিষ্কাশনের পথ বন্ধ ফসলি জমিতে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের হোসেনাবাদ গ্রামে এক ব্যক্তি পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছেন। এতে ২০ বিঘা ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় আবাদ করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ৫ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিবরণ অনুযায়ী, হোসেনাবাদ গ্রামে জুড়ী নদীর সঙ্গে যুক্ত প্রাচীন একটি খাল আছে। বর্ষা মৌসুমে ওই খাল দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশিত হতো। সম্প্রতি ফখর উদ্দিন নামের এক ব্যক্তি খালটির কিছু অংশে মাটি ভরাট করলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়ে। পরে এলাকাবাসী স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ইউপি সদস্যকে বিষয়টি জানান। এর পরিপ্রেক্ষিতে জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে খালটি উন্মুক্ত করে দেন। পরদিন ফখর উদ্দিন মাটি ভরাট করে পুনরায় খালটি বন্ধ করে ফেলেন। এতে আশপাশের ২০ বিঘা জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, খালের বেশ কিছু অংশ ভরাট করা হয়েছে। ফসলি জমি দুই-তিন ফুট পানিতে তলিয়ে আছে। হোসেনাবাদের আবদুল রব্বানী, অতুল চন্দ্র নাথ, মো. আবদুল্লাহ্, নীলমণি দেবনাথসহ ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজন কৃষক জানান, জলাবদ্ধতার কারণে জমিতে চাষাবাদ করা যাচ্ছে না। সাগরনালের ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী বলেন, ‘এলাকাবাসী ফখর উদ্দিনের যন্ত্রণায় অতিষ্ঠ। তিনি (ফখর) কারও বাধা মানছেন না।’ অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ ইকবাল চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘তদন্ত করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ এ ব্যাপারে কথা বলতে ফখর উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।