পানি নিয়ে সংকটে কয়রাবাসী সমাধানের আশ্বাস সাংসদদের
নলকূপের পানি খাওয়ার অযোগ্য। সরকারি খাল ও পুকুরগুলো দেওয়া হয়েছে ইজারা। খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করা হয়েছে। খালবিল এমনকি বসতভিটার আশপাশে লবণপানি তুলে করা হচ্ছে চিংড়ি চাষ। এতে এলাকায় খাওয়ার পানির পুকুরগুলোর পানিও লবণাক্ত হয়ে পড়েছে। খাবার পানিসহ দৈনন্দিন কাজে ব্যবহারযোগ্য পানির সংকটে পড়েছে খুলনার কয়রার মানুষ। অনেকে ভুগছে পানিবাহিত নানা রোগে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বেড়িবাঁধ কেটে মাছের ঘেরগুলোতে লবণপানি তোলায় বাঁধগুলো দুর্বল হচ্ছে। লবণাক্ততার কারণে ফসলও হচ্ছে না। আইলার পর এই সংকট আরও বেড়েছে। যত্রতত্র অপরিকল্পিত লোনা পানির চিংড়ি চাষের ফলে আইলায় ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এই উপজেলার মানুষ মহাসংকটে পড়েছে। উপকূলীয় অঞ্চলের সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য বিষয়ে গণশুনানিকালে সর্বদলীয় সংসদীয় দলের সদস্যদের সামনে এসব সংকটের কথা তুলে ধরে আশু সমাধানের দাবি জানান কয়রার সর্বস্তরের নারী-পুরুষ। গত সোমবার বিকেলে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের মাঠে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে এলাকার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। ওয়াটার এইড-বাংলাদেশ ও রূপান্তরের যৌথ আয়োজনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাংসদ ও সংসদীয় দলের সদস্য সোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সর্বদলীয় ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন (ওয়াস) দলের দলনেতা ও গাইবান্ধা-৪ আসনের সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী, সাংসদ হাবিবুন নাহার ও নূর আফরোজা আলী। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহর সঞ্চালনায় গণশুনানিতে বক্তৃতা করেন ওয়াটার- এইড দেশীয় প্রতিনিধি খায়রুল ইসলাম, সর্বদলীয় সংসদীয় দলের সেক্রেটারি জেনারেল শিশির শীল, খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এম আরিফ পাশা, কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বশার প্রমুখ। শুনানিতে সাংসদেরা পানিসম্পদের সব অব্যবস্থাপনা দূরসহ বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে এই এলাকার সুপেয় পানি সংকট দূর করা, উপকূলের পরিবেশ-প্রতিবেশ, জীবন-জীবিকা সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতি দেন।