রাস্তায় ইট-সুরকির বালাই নেই। কিছু দূর পরপর খানাখন্দ। বসতবাড়িতে নেই পানি সরবরাহের কোনো ব্যবস্থা। বিদ্যুতের সংযোগ থাকলেও সরবরাহ নিশ্চিত হয়নি। দিনের বেলায় বিদ্যুতের দেখা মেলে না কোথাও। সন্ধ্যার পর জেনারেটর কিংবা সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয় দোকানপাট ও বাড়িঘর। এটা কোনো অজ পাড়াগাঁ নয়, সন্দ্বীপ পৌর শহরের চিত্র। পৌরসভার বয়স ১৩ বছর পার হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। ১৯৯৯ সালের ৬ সেপ্টেম্বর সন্দ্বীপ উপজেলার বাউরিয়া, হারামিয়া, রহমতপুর ও হরিশপুর ইউনিয়নের অংশবিশেষ নিয়ে সন্দ্বীপ পৌরসভা ঘোষণা করা হয়। এর লোকসংখ্যা প্রায় ৬৫ হাজার। পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভায় সরকারি-বেসরকারি নয়টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি প্রাথমিক বিদ্যালয়, দুইটি সিনিয়র মাদ্রাসা, তিনটি দাখিল মাদ্রাসা ও একটি ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল রয়েছে। পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট ১৭২ কিলোমিটার রাস্তার মধ্যে ৪৭ কিলোমিটার কাঁচা। কিন্তু পাকা সড়কগুলোর বেশির ভাগেরই বেহাল দশা। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৩ বছরেও পৌর এলাকায় গড়ে ওঠেনি কোনো বিনোদনের ব্যবস্থা। নেই কোনো পার্ক বা উদ্যান। অনেকেই এখনো খোলা পায়খানা ব্যবহার করছে। অর্জিত হয়নি শতভাগ স্যানিটেশন-ব্যবস্থা। বিদ্যুৎ না থাকায় গড়ে উঠতে পারছে না কলকারখানাও। ৭ নম্বর হারামিয়া ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম জানান, পানি নিষ্কাশন-ব্যবস্থা না থাকায় এই ওয়ার্ডের মোখলেস মুন্সি সড়ক ও আদর্শ সড়ক এলাকায় বর্ষার সময়ে হাঁটুপানি জমে। এতে এলাকার মানুষের ভোগান্তি বেড়ে যায়। এমনকি স্কুলের ছেলেমেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দিতে হয়। জানা গেছে, এর বাইরেও পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের শেখ হাসিনা সড়ক, বাউরিয়া সংযোগ সড়ক, ৮ নম্বর ওয়ার্ডের রামধূপী সড়ক, ৬ নম্বর ওয়ার্ডের মুস্তাফিজুর রহমান সড়কসহ অনেক সড়ক বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পৌর মেয়র জাফর উল্যাহ বলেন, পৌরসভার আর্থিক সংকটের কারণে কিছুই করা যাচ্ছে না। প্রতিবছর পৌরকর থেকে যে টাকা আসে, তাতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতেই হিমশিম খেতে হয়। বিদ্যুৎ প্রসংগে মেয়র বলেন, সন্দ্বীপে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) যে বৈদ্যুতিক ব্যবস্থা চালু আছে, তা দিয়ে সন্দ্বীপ শহরের বিদ্যুৎ সরবরাহই নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে গোটা পৌরসভার কথা ভাবা তো কঠিন ব্যাপার।