কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউটে গত ছয় দিন ধরে পানি নেই। পানি না থাকায় ইনস্টিটিউটের অধিকাংশ ছাত্রী ছাত্রীনিবাস ছেড়ে চলে গেছেন। এ কারণে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, গত ১২ মে ইনস্টিটিউটের পানির পাম্পটি নষ্ট হয়ে যায়। ইনস্টিটিউটের ছাত্রীনিবাসের ছাত্রীরা অভিযোগ করেন, কর্তৃপক্ষকে জানালেও পাম্পটি মেরামত করা হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক ইনস্টিটিউটের এক ছাত্রী রোববার প্রথম আলোকে বলেন, পানিসংকটের কারণে ছাত্রীনিবাসের ১৮৩ জন ছাত্রীর মধ্যে প্রায় ১৭৫ জন চলে গেছেন। বাকি যে কয়েকজন আছেন, তাঁরাও আজকালের মধ্যে চলে যাবেন। নিরুপায় হয়ে গত রোববার ছাত্রীনিবাসের প্রায় ৬০ জন ছাত্রী কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র দিয়ে ছাত্রীনিবাস ছেড়ে চলে গেছেন।নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী ইউনিয়নের সভাপতি আফরোজা খানম প্রথম আলোকে বলেন, ‘পানিসংকটের কারণে প্রায় ৬০ জনের মতো ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তারা বাধ্য হয়ে বাড়ি চলে গেছে। এমনকি খাবার পানির সংকটের কারণে গত দুই দিন এখানে কোনো বাবুর্চি রান্না করতে আসেনি। খুবই সমস্যা হচ্ছে।’ তিনি বলেন, আজ (গত রোববার) ছাত্রীনিবাসে মাত্র আটজন ছাত্রী আছে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সোমবার ইনস্টিটিউটে মাত্র চারজন ছাত্রী ছিল। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে দায়িত্বপালনকারী সেবিকাদের অর্ধেকই কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী। তাঁরা এখানে শিক্ষানবিশ সেবিকা হিসেবে দায়িত্ব পালন করেন। রোববার বিকেলে কোনো শিক্ষানবিশ সেবিকাকে হাসপাতালে দেখা যায়নি। রাতেও তাঁদের কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। ফলে হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকারা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীনিবাসের ইন্সট্রাক্টর হাফিজা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ঢাকায় ট্রেনিংয়ে আছেন। নার্সিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত ইন্সট্রাক্টর রওনক জাহান জানান, গত রোববার দুপুরে ইনস্টিটিউটের ছাত্রীনিবাসের প্রায় ৬০ জন ছাত্রী একটি আবেদনপত্র দিয়ে বাড়ি চলে গেছে। ওই আবেদনপত্রে তাদের চলে যাওয়ার কারণ হিসেবে পানি সমস্যার কথা উল্লেখ করা হয় হয়েছে।ভারপ্রাপ্ত সিভিল সার্জন শফিকুল আলম জানান, বিষয়টি তিনি শুনেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। তারা পাম্পটি মেরামতের ব্যবস্থাও করছেন।